নড়িয়ায় যুবককে গুলি করে হত্যা

ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ থেকে বহিষ্কার

নড়িয়ার রাজনগর ইউপি চেয়ারম্যান গাজী মো. জাকির হোসেন (৫৩) এক যুবককে গুলি করে হত্যায় জড়িত থাকার কথা আদালতে স্বীকার করেছেন। এ ঘটনায় নড়িয়া উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদকের পদ থেকে গত রবিবার তাকে বহিষ্কার করা হয়েছে।

নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন মোল্যা বলেন, প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে একজন নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। হত্যায় জড়িত থাকার কথা আদালতে স্বীকার করায় গাজী জাকিরকে উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদকের পদ থেকে সাময়িক বহিষ্কার করে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৯ আগস্ট নড়িয়ার আন্ধারমানিক এলাকা থেকে আলমগীর মীরবহর (৩৬) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হত্যাকান্ডে ইউপি চেয়ারম্যান গাজী মো. জাকির হোসেন জড়িত থাকার প্রমাণ পায়  গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর ৯ সেপ্টেম্বর ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে জাকির চেয়ারম্যানকে আটক করা হয় এবং পরদিন ১০ সেপ্টেম্বর তিনি শরীয়তপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেজবা উদ্দিন খানের আদালতে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। ১৬৪ ধারার জবানবন্দির বরাত দিয়ে জেলা ডিবি পুলিশের ওসি সাইফুল আলম বলেন,  ইউপি চেয়ারম্যান গাজী জাকির দুটি হত্যা মামলার আসামি। ওই মামলা থেকে রেহাই  পেতে এবং আগামী ইউপি নির্বাচনে নিজের প্রভাব ধরে রাখতে ও প্রতিপক্ষকে ফাঁসাতে এ হত্যাকান্ডের পরিকল্পনা করেন গাজী জাকির।