চট্টগ্রামে সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি এহতেশাম হক ভোলাকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
গতকাল বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের বেঞ্চ তাকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দেয়। একই সঙ্গে আদেশে জামিনের মেয়াদ শেষে ভোলাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘স্ত্রী হত্যায় বাবুল আক্তারের মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছিল। পরে মিতুর বাবা মামলা করেন। এতে বাবুল আক্তার, এহতেশাম হক ভোলা ছাড়াও আগের মামলার আসামিদের অন্তর্ভুক্ত করা হয়। আজ (গতকাল) হাইকোর্টে আত্মসমর্পণ করে ভোলা জামিন আবেদন করলে বিচারক চার সপ্তাহের আগাম জামিন দেন এবং জামিনের মেয়াদ শেষে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলেন।’ আদালতে আসামিপক্ষে শুনানিতে অংশ নেন মুহাম্মদ হাসিবুর রহমান।
২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করা হয় মিতুকে। এ হত্যাকাণ্ডের পর নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন মিতুর স্বামী বাবুল আক্তার। এরপর সন্দেহভাজন বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে হত্যাকাণ্ডে আগ্নেয়াস্ত্র সরবরাহকারী হিসেবে গ্রেপ্তার হন এহতেশাম হক ভোলা। তিনি বাবুল আক্তারের ‘সোর্স’ হিসেবে পরিচিত ছিলেন। এরপর হাইকোর্টের আদেশে ২০১৯ সালের ডিসেম্বরে মুক্তি পান ভোলা।
তবে হত্যাকাণ্ডের পাঁচ বছর পর পিবিআই স্ত্রী হত্যাকাণ্ডে বাবুলের সম্পৃক্ততার কথা জানালে গত ১২ মে বাবুল আক্তার, ভোলাসহ আগের আসামিদের নামে নতুন মামলা করেন মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন। ওই মামলায় বাবুল আক্তার বর্তমানে কারাগারে রয়েছেন।