অনীশ বাজমি পরিচালিত জনপ্রিয় বলিউড ছবি ‘ওয়েলকাম’, যার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন মল্লিকা শেরাওয়াত। ঠিক আট বছর অনীশ নির্মাণ করেছিলেন ‘ওয়েলকাম টু’। কিন্তু অদ্ভুত এক কারণে সেই ছবিতে জায়গা হয়নি মল্লিকার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি সত্যি কথা বলছি। ওরা যখন সিকুয়াল বানায় তখন প্রেমিকাকে কাস্ট করে। হিরোও তার প্রেমিকাকে কাস্ট করে। এমন করলে আমার কী করণীয়?”
সঙ্গে যোগ করেন, “বলিউডে কোনো অভিনেতা, প্রযোজক অথবা পরিচালকের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হয়নি। আমি সব সময় এটাই মনে করেছি, যদি আমি কোনো প্রজেক্টের যোগ্য হই তবেই তার অংশ হতে পছন্দ করব। যদি কোনো পরিচালক অথবা প্রযোজক তাদের প্রেমিকাদের সেই ছবিতে নিতে চান সেটা তাদের ব্যাপার।”
‘ওয়েলকাম’-এর আর কোনো সিকুয়াল বানানো হলে কি তিনি জায়গা পাবেন? মল্লিকার জবাব, “আগের সিকুয়ালে পরিচালক নিজের প্রেমিকাকে নিয়েছিল। সেই কারণেই আমি সেই প্রজেক্টের অংশ হতে পারিনি। আর কী বলার আছে?”
যদিও অনীশের প্রেমিকা বলতে তিনি কোন নায়িকাকে বোঝাতে চেয়েছেন সে ব্যাপারে খোলসা করে কিছু বলেননি মল্লিকা। এ ছবিতে অনীল কাপুর, নানা পাটেকর, জন আব্রহাম ছাড়াও অভিনয় করেছিলেন শ্রুতি হাসান, অঙ্কিতা শ্রীবাস্তব, ডিম্পল কাপাডিয়াসহ অন্যরা। ছিলেন না আগের ছবির প্রধান দুই মুখ অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ।
একই সাক্ষাৎকারে মল্লিকা জানান, ছোট থেকেই অভিনেত্রী হতে চেয়েছিলেন তিনি। অভিভাবকদের অমত আছে জেনে বাড়ি থেকে পালিয়ে এসেছিলেন। সোজা মুম্বাইয়ে চলে এসেছিলেন নিজের স্বপ্নকে সত্যি করবেন বলে। সেদিন বাড়ি থেকে না পালিয়ে আসতেন, তবে নাকি তার বিয়ে হয়ে যেত। বলেন, “আমার ভাগ্য ভালো ছিল, যে এই ইন্ডাস্ট্রি আমাকে ফিরিয়ে দেয়নি। আমি আমার স্বপ্নকে শেষমেশ সত্যি করতে পেরেছি।”
মাঝে অনেকগুলো বছর বিদেশে ছিলেন মল্লিকা। সম্প্রতি দেশে ফিরে বলিউডে কাজ শুরু করেছেন। হাতে আছে ‘নকাব’ নামের ওয়েব সিরিজ, সঙ্গে আরেকটি ছবি।