নট ফর সেল ক্লাবের ব্যতিক্রমী বই সিরিজের ৫০টি বইয়ের প্রথম বই কালেক্টার্স এডিশন ‘বুদ্ধ’ গ্রাফিক গাইড। গৌতম বুদ্ধের পূর্ণাঙ্গ এই জীবনী প্রকাশিত হচ্ছে মধু পূর্ণিমায়। পৃথিবী বদলে দেওয়া মানুষ ও বিষয় নিয়ে ‘বই বিপ্লব’ সিরিজের প্রথম বই হিসেবে বইটি প্রকাশ করছে পাঠকের সংগঠন নট ফর সেল ক্লাব।
সোমবার বইটির মোড়ক উন্মোচন করা হবে রাজধানীসহ দেশের ১১টি গুরুত্বপূর্ণ বৌদ্ধ বিহারে। বৌদ্ধ বিহারের প্রধান ভান্তেগণ (ধর্মগুরু) বইটির মোড়ক উন্মোচন করবেন বুদ্ধ পূর্ণিমার অনুষ্ঠানে।
বইটিতে গৌতম বুদ্ধের জীবন ও দর্শনকে শিক্ষার্থীসহ সকল পাঠকের কাছে সহজপাঠ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে।
এর আগে সেপিয়েন্সের কালেক্টর’স এডিশন প্রকাশ করে আলোচনায় আসে নট ফর সেল ক্লাব। বাংলাদেশের সর্বপ্রথম কালেক্টর'স এডিশন—বিক্রয়ের জন্য নয় বই সংগ্রহের অংশীদার ক্লাব হচ্ছে নট ফর সেল ক্লাব।
সোমবার মধু পূর্ণিমায় যেসব বিহারে বইটির মোড়ক উন্মোচন করা হবে- রাজধানীর মেরুল বাড্ডা আন্তর্জাতিক বুদ্ধ বিহার, বাসাবো ধর্মরাজিক বুদ্ধ বিহার ও মিরপুর ১৩ নম্বরে শাক্যমুনি বৌদ্ধ বিহার, কুমিল্লার শালবন বৌদ্ধ বিহার, জয়পুরহাটের জ্ঞানশ্রী বৌদ্ধ বিহার, চট্টগ্রামের বৌদ্ধবিহার নন্দনকানন, রাঙামাটির রাজবন বিহার, রাজশাহী অঞ্চলের নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার, কক্সবাজারের রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহার, খাগড়াছড়ির ধর্মপুর আর্য বনবিহার, রাঙামাটির বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার।