সংবাদ সম্মেলনে কাদের

প্রধানমন্ত্রীর ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ ইতিহাসের মাইলফলক

দারিদ্র্যদূরীকরণ ও শান্তি নিশ্চিতে পদক্ষেপ গ্রহণ করে বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘এসডিজি অগ্রগতি পুরস্কারে’ ভূষিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল বুধবার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের (এমডিজি) নানা সফলতা অর্জনের পর এসডিজি অর্জনেও দ্রুত দেশ এগিয়ে যাচ্ছে, ফলে এই বিশ্ব স্বীকৃতিÑযা ইতিহাসের মাইলফলক। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘জাতিসংঘের টেকসই উন্নয়নসংক্রান্ত নবম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনের পূর্ণ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের বিশিষ্ট উন্নয়ন চিন্তাবিদ অধ্যাপক জেফ্রি ডি স্যাক্স ‘জুয়েল ইন দি ক্রাউন অব দি ডে’ হিসেবে অভিহিত করেন।’

ওবায়দুল কাদের বিশ্ব পর্যায়ে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগসহ দেশের সব মানুষের পক্ষ থেকে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। তিনি জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবে বলেন, ‘দেশের মানুষ ভালো আছে বলেই মির্জা ফখরুল ইসলাম আলমগীররা ভালো নেই। এ জন্যই বিএনপি মহাসচিব কাল্পনিক অভিযোগ করে বলছেন দেশের মানুষ ভালো নেই। আসলে দেশের মানুষ করোনার অভিঘাত মোকাবিলা করে ভালো আছে বলেই বিএনপি নেতাদের কষ্ট হচ্ছে। ক্ষমতার মোহে অন্ধ, মিথ্যাচার আর বিষোদগারকে যারা রোজনামচায় পরিণত করেছে, তারা মানুষের ভালো থাকা পছন্দ করবে না এটাই স্বাভাবিক।’

তিনি বলেন, ‘নেতিবাচক রাজনীতি মানসিকতার কারণে বিএনপিই নিজেদের ভালো থাকার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।’ করোনার অভিঘাত মোকাবিলা করে জীবন এখন স্বাভাবিক ছন্দে ফিরে আসতে শুরু করেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এখন গৃহকোণে বসে নসিহত করছে। তাদের এমন আচরণ একদিকে মানুষের এগিয়ে চলার উদ্যমকে ক্ষতিগ্রস্ত করে, অপরদিকে নিজেদের হতাশাকে জাতির সামনে স্পষ্ট করছে।’