মোংলায় করোনা আক্রান্ত স্কুলশিক্ষক

স্কুল খোলার আগেই দুই ডোজ টিকা নিয়েছেন মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক পুলিন কুমার মন্ডল (৪০)। তারপরও তিনি করোনায় সংক্রমিত হয়েছেন।

বুধবার করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর তিনি নিজ বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেশ চন্দ্র হালদার।

তিনি জানান, বিদ্যালয়ের শিক্ষক পুলিন কুমার মন্ডল গত ২০ সেপ্টেম্বর ইউপি নির্বাচনের একটি ভোট কেন্দ্রের দায়িত্বে ছিলেন। তিনি বুধবার সকালে বিদ্যালয়ে আসেন। বিদ্যালয়ে আসার পর তার শরীরের হালকা জ্বর জ্বর অনুভবসহ কাশিও হয়। তখন তাকে ক্লাসে যেতে না দিয়ে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা করানোর জন্য পাঠানো হয়।

রিপোর্টে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর থেকে তিনি তার বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন।

শিক্ষক পুলিন করোনা আক্রান্ত কিভাবে হয়েছেন, নির্বাচনী ভোট কেন্দ্র থেকে নাকি তার পরিবার থেকেই তা বলতে পারছেন না তিনি। কারণ তার স্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা সুচন্দারও একই দিনে করোনা পজিটিভ শনাক্ত হয়। তাই স্ত্রী থেকেও তার করোনা সংক্রমণ হয়ে থাকার সম্ভাবনা রয়েছে।

তবে শিক্ষক পুলিনসহ বিদ্যালয়ের ১২ জনের সকলেরই দুই ডোজ করে করোনা টিকা নেয়া রয়েছে।

নরেশ চন্দ্র হালদার বলেন, বাকি ১১ জন শিক্ষকেরও করোনা পরীক্ষা করানোর জন্য বলা হয়েছে। তারা বৃহস্পতিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা করাবেন। দেখি তাদের কি রেজাল্ট আসে। সেই রেজাল্ট আমরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসারকে জানাবো। তারপর তারা যে সিদ্ধান্ত দেবেন সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

তবে শিক্ষার্থীরা ঝুঁকিমুক্ত রয়েছেন বলে জানান তিনি। কারণ তাপমাত্রা মেপে, হাত ধুইয়ে ও মাস্ক পরিধানসহ শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে দূরত্ব বজায় রেখে ক্লাস নেয়া হচ্ছে। একই পদ্ধতি অবলম্বন করছেন শিক্ষক-শিক্ষিকারাও।