কবি ও কথাসাহিত্যিক ফরিদা মজিদ মারা গেছেন। মঙ্গলবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার সতীর্থ সঞ্জীব পুরোহিত জানান, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার খাদ্যনালীতে ক্যানসার ধরা পড়ে। চিকিৎসা চলছিলো।
গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর সাড়ে ৫টায় মারা যান।
ফরিদা মজিদের জন্ম ১৯৪২ সালের ২৭ জুলাই কলকাতায়। তিনি কবি গোলাম মোস্তফার বড় মেয়ে জোছনার কন্যা।
‘গাঁদা ফুলের প্রয়াণ ও যারা বেঁচে থাকবে’ তার উল্লেখযোগ্য কবিতা। কবি দীর্ঘকাল প্রবাস জীবন কাটিয়েছেন।
প্রথমে লন্ডনে, পরে আমেরিকায়। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি লন্ডনে বসে দেশের বড় বড় কবি সাহিত্যিকদের লেখা অনুবাদ, সম্পাদনা ও প্রকাশনার কাজ করেছেন।
পরবর্তীকালে নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে অধ্যাপনা করেছেন ১৯৮৪ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত।
১৯৯১ থেকে ২০০৬ পর্যন্ত ইংরেজির লেকচারার হিসেবে ছিলেন নিউইয়র্কের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে। ২০০৬ সালে তিনি দেশে ফিরে আসেন।