আজ বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। আর এজন্য এদিন বন্ধ রাখতে হবে স্থানীয় আলহাজ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়। কারণ বিদ্যালয়টির মাঠে আয়োজন করা হয়েছে ক্ষমতাসীন দলের এই সম্মেলনের। এ নিয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হলেও নিরুপায় হয়ে প্রধান শিক্ষকের নিজস্ব ক্ষমতাবলে ঐচ্ছিক ছুটি থেকে এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
আলহাজ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অভিযোগ করে বলেছে, করোনা মহামারীতে দীর্ঘ ১৯ মাস পর সম্প্রতি বিদ্যালয় খুলেছে। এমনিতেই শিক্ষা ও শিক্ষার্থীদের অবস্থা নাজুক। এ অবস্থায় বিদ্যালয় বন্ধ করে দলীয় সম্মেলন আয়োজন করা কতটা শোভনীয় তা সম্মেলন আয়োজকদের ভেবে দেখা উচিত ছিল।
বিদ্যালয়ের শিক্ষকরাও বলছেন, ঈশ্বরদীতে সম্মেলন করার অনেক জায়গা রয়েছে। কিন্তু সেসব জায়গায় না করে বিদ্যালয় বন্ধ করে সম্মেলন করাটা খুবই অবিবেচক সিদ্ধান্ত। তারপরও যদি সম্মেলনটি বিদ্যালয় বন্ধের বা ছুটির দিনে করা হতো তাও কথা ছিল। একে তো করোনার কারণে পাঠদানের বেহাল অবস্থা, এর ওপর সামনে এসএসসিসহ অন্যান্য পরীক্ষা রয়েছে। এ অবস্থায় সম্মেলন মাঠ প্রস্তুতের জন্য বেশ কয়েক দিন ধরে বিদ্যালয়ের ফটক দিয়ে বালির ট্রাক ও ডেকোরেশনের আসবাবপত্র নিয়ে ভারী যানবাহনগুলোর চলাফেরা শিক্ষক-শিক্ষার্থীদের বেশ শঙ্কিত করেছে।
উপজেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ২৯ সেপ্টেম্বর দলীয় সম্মেলনটি ইমান কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয়। পোস্টারও ছাপানো হয়। কিন্তু সেই স্থান বাদ দিয়ে পরে আলহাজ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন স্থানান্তর করা হয়। কারণ হিসেবে জানা যায়, ২০০৪ সালে আলহাজ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দলীয় সম্মেলনে বর্তমান এমপি মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে প্রথমবারের মতো সরানো হয়। একই মাঠে ২০১৩ সালে অনুষ্ঠিত দ্বিতীয়বারের সম্মেলনে নুরুজ্জামান বিশ্বাসকে আসতেই দেওয়া হয়নি। এখন সময় এসেছে, যে মাঠ থেকে নুরুজ্জামান বিশ্বাসকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে সরিয়ে মকলেছুর রহমান মিন্টুকে সাধারণ সম্পাদক করা হয়েছিল, সেই মাঠ থেকেই এবার মকলেছুর রহমান মিন্টুকে সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে অন্য কাউকে সাধারণ সম্পাদক করার। আর এ আকাক্সক্ষা থেকেই এমপি নুরুজ্জামান বিশ্বাস নিজে সম্মেলনের জন্য আলহাজ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় মাঠ নির্ধারণ করেছেন। এজন্য বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা দূর করার লক্ষ্যে পাকশী ও সাঁড়ার বালুমহাল থেকে বালু এনে সম্মেলনের স্থান আলহাজ স্কুল মাঠে ফেলেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে আলহাজ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক মোবাইল ফোনে দেশ রূপান্তরকে বলেন, ‘আওয়ামী লীগ সম্মেলন করবে। তাই প্রধান শিক্ষকের ক্ষমতায়নে তিন দিনের ঐচ্ছিক ছুটির মধ্যে থেকে এক দিন ছুটি ঘোষণা করা হয়েছে। সম্মেলনের দিন তো শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনা যাবে না।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার বলেছেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকারি ছুটির বিধি মোতাবেক এই ছুটি দিতে পারেন।
বিদ্যালয় বন্ধ রেখে সম্মেলন আয়োজনের কারণ জানতে চাইলে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু দেশ রূপান্তরকে বলেন, ‘এমপি নুরুজ্জামান বিশ্বাস প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠেছেন। নেতাকর্মীদের সঙ্গে কোনোরূপ আলোচনা ছাড়াই একক সিদ্ধান্তে যাচ্ছেতাই করে চলেছেন। এতে দলীয় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। সুষ্ঠু সম্মেলনের স্বার্থে এসব বিষয়ে দলীয় নীতিনির্ধারকরা হস্তক্ষেপ করবেন বলে আমরা আশাবাদী।’