সাদাত হোসাইন ভক্তদের জন্য নতুন চমক! প্রথমবারের মতো তিনি লিখেছেন অতিপ্রাকৃত গল্পের উপন্যাস, নাম ‘সে এখানে নেই’।
আরও চমক হলো, কাগজে নয়, এই উপন্যাস পাওয়া যাবে শুধুমাত্র ইবুক আকারে। প্রকাশের দায়িত্ব নিয়েছে বইঘর অ্যাপ।
বইঘর ও সাদাত হোসাইন খবরটি নিশ্চিত করেছে।
ইবুক ও অডিবল বুকের জনপ্রিয় প্ল্যাটফর্ম বইঘরে নতুন-পুরোনো লেখকদের দুই সহস্রাধিক বইয়ের ডিজিটাল সংস্করণ রয়েছে। এই তালিকায় যুক্ত হচ্ছে ‘সে এখানে নেই’।
বইঘর কর্তৃপক্ষ জানায়, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে বইটি পড়া যাবে বিশ্বের যে কোনো দেশ থেকে। ছাত্র ও প্রবাসীদের সুবিধার কথা চিন্তা করে এর মূল্য রাখা হয়েছে হাতের নাগালে। দেশে ১৪৫ টাকা, দেশের বাইরে থেকে ২.৯৯ ডলারে ক্রয় করা যাবে ‘সে এখানে নেই’।
ইবুকটি অ্যাপ স্টোরেজে ডাউনলোড করে কাগজের মতো পৃষ্ঠা উল্টে পড়া যাবে অফলাইনেও।
দেশের প্রথম এক হাজার ক্রেতার জন্য থাকছে বিশেষ ছাড়। ছাড় হিসেবে তারা ‘সে এখানে নেই’ পাবেন ১০০ টাকায়। পেমেন্ট করা যাবে বিকাশ, নগদ, গুগল পে, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে।
প্রথমবার ইবুক প্রকাশের ব্যাপারে সাদাত হোসাইন বলেন, “কাগজের বই আছে, থাকবে। বইমেলাকে কেন্দ্র করে নতুন বই প্রকাশের আনন্দ আমি জীবনভর উপভোগ করতে চাই। আমি মনে করি, অনলাইনে বই পড়েন- বিশ্বব্যাপী এমন পাঠকের সংখ্যাও বিপুল। তাদের আগ্রহকে প্রাধান্য দিতেই প্রথমবারের মতো ইবুক প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। এ নবযাত্রায় বইঘরকে পাশে পেয়ে ভালো লাগছে।”
মানভেল্যানের আলোকচিত্র অবলম্বনে বইটির প্রচ্ছদ করেছেন হৃদয় চৌধুরী।
বইঘর জানায়, সাদাত হোসাইনের পরপরই প্রকাশ হবে শানজানা আলমের উপন্যাস ‘ফুলবউ’। এরই ধারাবাহিকতায় আসবে জনপ্রিয় ও নবাগত লেখকদের এক্সক্লুসিভ আরও কিছু ইবুক।