ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শ্মশান ঘাটে মরদেহ সৎকার করতে গিয়ে মৌমাছির কামড়ে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জনকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় চিকিৎসকের চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার দুওসুও ইউনিয়নের নাপিতপাড়া গ্রামের স্থানীয় শ্মশান ঘাটে এ ঘটনা ঘটে।
নাপিতপাড়া গ্রামের দিগেন শর্মা জানান, গতকাল ভোররাতে প্রতিবেশী ভবেশ রায় (৬২) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করলে সকালে তার মরদেহ সৎকারের জন্য শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয়। সৎকার কাজে তিন শতাধিক মানুষ অংশ নেন। শ্মশান ঘাটে পৌঁছলে একদল মৌমাছি আক্রমণ করে। মৌমাছির কামড়ে সুরেশ চন্দ্র, বাবুল শর্মা, নির্মল শর্মা, ফাগু শর্মা, মহেষ শর্মাসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়।
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মিঠুন দেবনাথ বলেন, ‘মৌমাছির কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। আশা করছি দ্রুত সুস্থ হয়ে যাবে।’