চা বানাতে বানাতে শুনলেন ‘আপনি সাহিত্যে নোবেল পেয়েছেন’

সাহিত্যে নোবেল পেয়েছেন এ কথা প্রথমে বিশ্বাসই করতে পারেননি তানজানিয়ার ঔপন্যাসিক আবদুলরাজাক গুরনাহ। উল্টো ফোন করা ব্যক্তিকে কোনো প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী ভেবে ধমক দিয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে সাহিত্যে নোবেল বিজয়ী ১১৮তম লেখক হিসেবে আবদুলরাজাকের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি। তিনি এক কোটি সুইডিশ ক্রোনার বা ১১ লাখ ৪০ হাজার ডলার পাবেন।

এ বিষয়ে বিবিসিকে আবদুলরাজাক বলেন, “ঠিক মধ্যাহ্নভোজের আগের ঘটনা। আমি তখন চা বানাচ্ছিলাম। সেই সময় ফোন বেজে ওঠে। আমি ভেবেছিলাম কোনো বিক্রয়কর্মী হবে। ফোন ধরার পর অপর পাশে থাকা ব্যক্তি বলেন, ‘হ্যালো আপনি সাহিত্যে নোবেলে পেয়েছেন’। আমি বললাম, ‘দূর হও। আমাকে একা থাকতে দাও।”

অবশ্য ফোন কেটে দেননি ‘প্যারাডাইজ’-খ্যাত এ ঔপন্যাসিক ও লেখক। অপর প্রান্তে থাকা ব্যক্তি বোঝাতে সক্ষম হন সত্যি সত্যি ২০২১ সালের সাহিত্যে নোবেল পেয়েছেন আবদুলরাজাক।

সুইডিশ অ্যাকাডেমি বলছে, ঔপনিবেশিকতার প্রভাব নিয়ে আবদুলরাজাকের গভীর লেখনীর জন্য তাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। ভিন্ন সংস্কৃতি ও ভিনদেশে শরণার্থীদের ভাগ্য এবং দুর্দশা নিয়েও লিখেছেন এই সাহিত্যিক।

আবদুলরাজাক গুরনাহ ১৯৪৮ সালের জাঞ্জিবারে জন্মগ্রহণ করলেও যুক্তরাজ্যে বাস করছেন। তিনি ইউনিভার্সিটি অব কেন্টে ইংরেজি সাহিত্যে অধ্যাপনায় যুক্ত আছেন। ৭৩ বছর বয়সী এই লেখক ১০টি উপন্যাস লিখেছেন।