হত্যার অভিযোগ

মহেশখালীতে ৩ বানরের মৃতদেহ উদ্ধার

কক্সবাজারের মহেশখালীতে তিনটি বানরের মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ। উপজেলার পানিরছড়া-বড়মহেশখালী সীমান্তের ভারিতিল্যা ঘোনা পাহাড়ের শেষ সীমানা থেকে গতকাল বুধবার সকালে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। বানরগুলোকে গত মঙ্গলবার বিষ প্রয়োগে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. এরফান বলেন, পাহাড়ের ঢালুতে লাউক্ষেতের পাশে মৃত অবস্থায় বানারগুলোকে পাওয়া যায়। বন বিভাগকে জানালে সকালে তারা এসে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় দুটি ও খুঁটিতে ঝুলিয়ে রাখা একটি বানরের মৃতদেহ উদ্ধার করে।

বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা অভিজিৎ বড়ুয়া বলেন, এ ঘটনায় আলাদা তদন্ত কমিটি করা হয়েছে।

এ ব্যাপারে মহেশখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নন্দন কুমার বলেন, প্রাথমিকভাবে বানরগুলোকে বিষ প্রয়োগের আলামত পাওয়া গেছে। মৃতদেহগুলো ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।