রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালীতে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু লোকশিল্প ও লোকগান’ শীর্ষক প্রদর্শনী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় জাদুঘর এই প্রদর্শনীর আয়োজন করেছে। শনিবার সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ প্রদর্শনীর উদ্বোধন করেন।
আয়োজকেরা জানান, দশ দিনব্যাপী প্রদর্শনীটি আগামী ২৬ অক্টোবর পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এবং আগ্রহী দর্শনার্থীগণ বিনা টিকিটে স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন সকাল ১০.৩০ মিনিট থেকে বিকেল ৫.৩০ মিনিট (শুক্রবার বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৭.৩০ মিনিট) পর্যন্ত পরিদর্শন করতে পারবেন।
প্রদর্শনীতে পাট শিল্প, সূচি শিল্প, ফোক পেইন্ট, টেরাকোটা ও মাটি, রিকশা পেইন্টিং, নকশি কাঁথা, পাটি শিল্প, বাঁশ ও বেত শিল্প, ধাতব শিল্প, শোলা শিল্প, সিনেমা ব্যানার, কাঠের শিল্পের নানা কর্ম তুলে ধরা হয়েছে।
প্রদর্শনী উদ্বোধন শেষে কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘লোকগানে বঙ্গবন্ধু’ শিরোনামে মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। লোকগান পরিবেশন করেন কুদ্দুস বয়াতি, শাহানাজ বাবু, বাউল গরিব মোক্তার ও পূর্ণ চন্দ্র রায়।