জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে বুধবার শুরু হয়েছে ৭৩তম আন্তর্জাতিক বইমেলা। এদিন স্থানীয় সময় বিকেল ৪টায় মেলায় বাংলাদেশ স্টলের উদ্বোধন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
করোনা মহামারি পরিস্থিতির কারণে এবার ছোট পরিসরে স্বাস্থ্যবিধি মেনে মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলা চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। শুক্রবার বিকেল থেকে জনসাধারণের জন্য মেলা খোলা থাকবে।
পৃথিবীর সবচেয়ে প্রাচীন বইমেলার জন্য বিখ্যাত ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে জাতীয় গ্রন্থকেন্দ্র বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, মহান মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বইসহ বাংলাদেশের খ্যাতিমান লেখকদের লেখা চার শতাধিক নির্বাচিত বই নিয়ে অংশগ্রহণ করছে। মেলায় বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ।
বাংলাদেশ স্টলের উদ্বোধনের পর কে এম খালিদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুচিন্তিত নির্দেশনা মোতাবেক ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গর্বের বিষয়। করোনা পরিস্থিতিতে গত বছর এ মেলা অনুষ্ঠিত হয়নি। এ বছর মুজিববর্ষের সমাপ্তিলগ্নে বাংলাদেশের অংশগ্রহণ সময়োপযোগী ও সফল হয়েছে। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এই অংশগ্রহণ বিশেষ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. সোহেলা আক্তার, একুশে পদকপ্রাপ্ত জার্মান প্রবাসী কবি নাজমুন নেসা পিয়ারি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর, জার্মানিস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর সাইফুল ইসলাম, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান মিডিয়া কর্মকর্তা নাসরীন জাহান লিপি, প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব ডা. মীর আনোয়ার হোসেন প্রমুখ।
পরে প্রতিমন্ত্রী জার্মান বাংলাদেশ প্রেসক্লাবের সহযোগিতায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।