ফেনীতে লালন শাহ’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

গতকাল ২২ অক্টোবর শুক্রবার বিকেল ৪টায় ফেনীর নবীনচন্দ্র সেন মিলনায়তনে চারণ সাংস্কৃতিক কেন্দ্র, ফেনী জেলা শাখার উদ্যোগে বাউল সাধক ফকির লালন শাহ এর ১৩১ তম প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা ও  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা  হয়।  কবি ও  সংগঠক আর কে শামীম পাটোয়ারীর সঞ্চালনায় ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র,  ফেনী জেলা শাখার ইনচার্জ কমরেড অর্জুন দাসের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের শুরুতেই লালন শাহ, সদ্য প্রয়াত কবি অমিতাভ পাল এবং সম্প্রতি সাম্প্রদায়িক সহিংসতায় নিহত সংখ্যালঘুদের  স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার নওয়াব ফয়েজুন্নেসা সরকারি কলেজের  অধ্যক্ষ বাবুল চন্দ্র শীল। তিনি তার বক্তব্যে বলেন, ‘আমি দীর্ঘ ঊনত্রিশ বছর ধরে ফেনীতে বাস করছি, আজ পর্যন্ত দেখিনি ফেনীতে লালন ফকিরের স্মরণে কেউ কোন অনুষ্ঠান করেছে।’ তিনি আয়োজকদের সাধুবাদ জানান।

উক্ত অনুষ্ঠানে লালন ফকিরের জীবনী পাঠ করেন, চারণ সাংস্কৃতিক কেন্দ্র ফেনী জেলা শাখার সদস্য দাউদ উল ইসলাম। আলোচনা করেন কবি, লেখক ও বিশিষ্ট আইনজীবী জিয়াউদ্দিন বুলবুল। কবি ও গবেষক শাবিহ মাহমুদ, ছাগলনাইয়া মৌলভী শামছুল করিম কলেজের বাংলা বিভাগের প্রভাষক কবি শিরিন রহমান, কবি, গবেষক ও দ্য ডেইলি স্টারের  সাহিত্য  সম্পাদক ইমরান মাহফুজ, বাসদ ফেনী জেলা শাখার সদস্যসচিব কমরেড মালেক মনসুর প্রমুখ।  বক্তারা একটি অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে পরিপূরক সাংস্কৃতিক কার্যক্রমের উপর গুরুত্বারোপ করেন । লালনের মানবতাবাদী চিন্তা সর্বত্র ছড়িয়ে দেয়া এবং নিজেদের জীবনে অনুশীলনের প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে লালনের গান পরিবেশন করেন প্রফেসর বাবুল চন্দ্র শীল, চারণ সাংস্কৃতিক কেন্দ্র ছাগলনাইয়া উপজেলা শাখার সঙ্গী প্রশিক্ষক জাফর আহমেদ, মেঘলা ও সবুজ। আরো গান পরিবেশন করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্র দাগনভূঞার শিল্পী সুনীল দেবনাথ, পুষ্পিতা দাস এবং মানিক দেবনাথ।   কবিতা আবৃত্তি করেন বকুল আকতার দরিয়া এবং তাথৈ।