ফেইসবুকে গুজব ছড়ানোর অভিযোগে যুবক আটক

কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উসকানিমূলক বিভ্রান্তিকর ও মিথ্যা অপপ্রচার চালানোর অপরাধে মো. নাজির হোসেন ওরফে ইমরান নাজির (২৬) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১।

শনিবার ভোরে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে নির্মিত ফুট ওভারব্রিজের নিচ থেকে তাকে আটক করা হয়।

দুপরে র‌্যাব-১১ এর সদর দপ্তরে সাংবাদিক সম্মেলনে এর সত্যতা নিশ্চিত করেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা।

র‌্যাব অধিনায়ক জানান, কুমিল্লার নানুয়ার দিঘির পাড় পূজা মণ্ডপের ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে হিন্দু সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে ১৯ অক্টোবর নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়। সেই সমাবেশে ‘ককটেল বিস্ফোরণ’ ঘটেছে বলে নাজির হোসেন গুজব ছড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট প্রদান করেন। তাকে আইনের আওতায় আনতে বিষয়টি র‌্যাব গোয়েন্দা নজরদারি করে।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে নাজির হোসেন স্বীকার করেছেন শান্তিপূর্ণ সমাবেশে ককটেল বিস্ফোরণের গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে জনসাধারণকে উত্তেজিত করার অপচেষ্টা চালায়। তবে পরবর্তীতে সে পোস্টটি ডিলিট করে দিয়ে রাজধানীসহ বিভিন্ন এলাকায় আত্মগোপনে করে থাকে।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।