মাগুরায় মানববন্ধন

‘রাজাকারপুত্র’কে নৌকা প্রতীক দেওয়ার প্রতিবাদ

মাগুরার মহম্মদপুর উপজেলার ২ নম্বর বিনোদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ‘রাজাকারপুত্র’কে নৌকা প্রতীক দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বিনোদপুর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সদস্যরা।

গতকাল শনিবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধনে বিনোদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজেদুর রহমান সংগ্রাম, বিনোদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধার সন্তান বাকী বিল্লাহ।

মানববন্ধনে সাজেদুর রহমান সংগ্রাম বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড বারবার ঘোষণা দিয়েছে কোনো রাজাকার কিংবা রাজাকারের সন্তানকে মনোনয়ন দেওয়া হবে না। তবুও মাগুরার মহম্মদপুরের বিনোদপুর ইউনিয়নে কীভাবে রাজাকারপুত্র মিজান শিকদার বারবার মনোনয়ন পাচ্ছে তা আমরা বুঝতে পারছি না। তার বাবা একজন তালিকাভুক্ত রাজাকার। যার ক্রমিক নম্বর ৯৩।’ এ ব্যাপারে মিজানুর রহমান শিকদার বলেন, ‘আমার বাবা চাঁদ আলী শিকদার আজীবন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।’ আমার বাবা রাজাকার ছিল এরূপ কোনো তথ্যপ্রমাণ পাইনি।’