সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি এহতেশামুল হক ভোলাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভারতে পালিয়ে যাওয়ার সময় গত বৃহস্পতিবার রাতে বেনাপোল বাজার এলাকার দুর্গাপুর রোড থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের একটি দল। মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা জানান, আসামি ভোলাকে শুক্রবার চট্টগ্রামে আনার পর গতকাল শনিবার দুপুরে আদালতে তোলা হয়। পুলিশের ধারণা তিনি ভারত পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
সন্তোষ কুমার জানান, বুধবার রাতে এহতেশামুল হক ভোলার বন্ধু মুজিব ও কর্মচারী জাহেদকে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থেকে আটক করে। তাদেরকে জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার রাতে ছেড়ে দেওয়া হয়। জাহেদের কাছ থেকে ভোলার মোবাইল নম্বর নিয়ে ট্র্যাকিং করে তার অবস্থান নিশ্চিত করা হয়। এরপর যশোর জেলা পিবিআই ভোলাকে গ্রেপ্তার করে।
এর আগে গত ১৪ অক্টোবর চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে আসামির পক্ষ থেকে জামিনের আবেদন করা হলে আদালত নামঞ্জুর করে। এর আগে আলোচিত এ মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন এহতেশামুল হক ভোলা। পরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ ভোলাকে চার সপ্তাহের আগাম জামিন দেয়।
একই সঙ্গে জামিনের মেয়াদ শেষ হওয়ার আগে তাকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। ভোলা আত্মসমর্পণ না করে সময়ের আবেদন করেন। ভোলা হাইকোর্টের নির্দেশনা পালন না করায় আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আসামি ভোলা মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্রের জোগান দিয়েছিলেন বলে তদন্তে উঠে এসেছে।
২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর পাঁচলাইশ থানার জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় প্রকাশ্যে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় মিতুকে। পরে নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করা হয়। যার বাদী ছিলেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার নিজেই। গত ১২ মে মিতুর বাবা মোশাররফ হোসেন বাবুল আক্তারকে প্রধান আসামি করে মামলা করেন। এ মামলায় বাবুল বর্তমানে কারাগারে রয়েছেন।