৯৪১ কোটি টাকায় বিক্রি হলো পিকাসোর শিল্পকর্ম

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি হোটেলে দুই দশকের বেশি সময় ধরে প্রদর্শিত হওয়া পাবলো পিকাসোর এগারোটি শিল্পকর্ম নিলামে ১১ কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৯৪১ কোটি টাকা দাম পেয়েছে।

এ শিল্পকর্মগুলোর মালিকানা ছিল এমজিএম রিসোর্টসের হাতে। যা প্রদর্শিত হচ্ছিল বেল্লাজিও হোটেলের পিকাসো রেস্টুরেন্টে।

প্রতিষ্ঠানটি বলছে, শনিবারের এ নিলাম তাদের শিল্পকর্ম সংগ্রহের বৈচিত্র্যকে বাড়াতে সাহায্য করবে।

১৯৭৩ সালে প্রয়াত স্প্যানিশ শিল্পীর এ সংগ্রহে ছিল নয়টি চিত্রকর্ম ও দুটি সিরামিকের কাজ। এগুলো ৫০ বছরেরও বেশি সময়ের পুরোনো।

১৯৩৮ সালে আঁকা ‘উইমেন ইন আ রেড অরেঞ্জ বেরেট’ ছবিটি পেয়েছে সর্বোচ্চ ৪ কোটি ৫ লাখ ডলার দাম। যা তুলে ধরেছে পিকাসোর প্রেমিকা ম্যারি-তেরেস ওয়াল্টারকে। যদিও শুরুতে ভাবা হয়েছিল ২ থেকে ৩ কোটি ডলারের মধ্যে দাম উঠবে।

আরেকটি মাস্টারপিস পোয়েট্রেট ‘ম্যান অ্যান্ড চাইল্ড’-এর দাম উঠেছে ২ কোটি ৪৪ লাখ ডলার। সাড়ে ৬ ফুট দৈর্ঘ্যের এ চিত্রকর্ম ১৯৫৯ সালে আঁকা হয়। এ ছাড়া নাজিদের হাতে দখলকৃত প্যারিস নিয়ে আঁকা একটি ছবি দাম পেয়েছে ১ কোটি ৬৬ লাখ ডলার।

তবে এখন পর্যন্ত সবচেয়ে দামে বিক্রি হওয়ার পিকাসোর ছবি হলো ‘দ্য উইমেন অব আলজিয়ার্স’। ২০১৫ সালে ১৭ কোটি ৯৪ লাখ ডলারে বিক্রি হয় এ চিত্রকর্ম।

এ ছাড়া ২০১৮ সালে ‘ইয়ং গার্ল উইথ আ ফ্লাওয়ার বাস্কেট’ বিক্রি হয় সাড়ে ১১ কোটি ডলারে। ২০১০ সালে ‘নুড, গ্রিন লিভস অ্যান্ড বাস্ট’ দাম পায় ১০ কোটি ৬৫ লাখ ডলার। ২০০৪ সালে ‘বয় উইথ আ পাইপ’ বিক্রি হয় ১০ কোটি ৪ লাখ ডলার। চলতি বছর ১০ কোটি ৩৯ লাখ ডলার দাম পেয়েছে ‘উইমেন সিটিং নিয়ার আ উইন্ডো’।