হত্যা মামলায় দিরাই উপজেলা আ. লীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সুনামগঞ্জে একটি হত্যা মামলায় দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাতে সিলেট শহর থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। পরে গভীর রাতে তাকে দিরাই থানায় হস্তান্তর করা হয়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

গত ১৮ অক্টোবর বিকেলে দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের পাশের উদির হাওর জলমহালের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এতে ওই গ্রামের  আমেরিকাপ্রবাসী কাজল নূর পক্ষের রুহেদ মিয়া (৪০) মারা যান। আহন হন আরও ২০ জন।

অভিযোগ আছে, স্থানীয় একটি মৎস্যজীবী সমবায় সমিতির নামে ওই জলমহালটি ইজারা নিলেও এর পেছনে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়। তিনিই এটি নিয়ন্ত্রণ করেন। ভাটিপাড়া গ্রামে তার পক্ষে নেতৃত্ব দেন শাহ আলম।

সংঘর্ষে নিহত রুহেদ মিয়া কাজল নূরের চাচাতো ভাই। ঘটনার পাঁচদিন পর নিহত রুহেদ মিয়ার ভাই সুহেদ মিয়া প্রদীপ রায়সহ ৭৩ জনকে আসামি করে দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

পুলিশ জানায়, এই মামলায় পুলিশ একজনকে গ্রেপ্তার করে। এ ছাড়া মামলার ৩২ জন আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন।

দিরাই থানার ওসি আজিজুর রহমান বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।