পাঠচিত্র প্রকাশ করেছে বজলুর রহমানের নাট্যগ্রন্থ ‘দেশ হবে সব মানুষের’। এই বইয়ে দু’টি নাটকের পাণ্ডুলিপি সংকলিত হয়েছে।
বইয়ের ভূমিকা লিখেছেন কথাসাহিত্যিক ও সাংবাদিক শাহনাজ মুন্নী এবং প্রচ্ছদ এঁকেছেন তরুণ চিত্রশিল্পী শাহনাজ জাহান। বইটির মূল্য ২০০ টাকা। প্রকাশনা প্রতিষ্ঠান জানিয়েছে, আগামী শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় বইটির প্রকাশনা অনুষ্ঠান হবে।
লেখক বজলুর রহমানের জন্ম ১৯৫৪ সালের ৭ জুন, ব্রাহ্মণবাড়িয়া জেলার মৈন্দ গ্রামে। তিনি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে শিক্ষা ও সামাজিকসহ নানা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন পাঁচ দশকেরও বেশি সময় ধরে। এক সময় বাম রাজনীতির সঙ্গে যুক্ত থাকা বজলুর রহমান চর্মকার সম্প্রদায় এবং রিক্শা শ্রমিকদের নিয়ে গড়েছেন সংগঠন। নিজের বাড়িতে ১৯৯৮ সালে শিশুদের জন্য প্রতিষ্ঠা করেছেন শিক্ষাপ্রতিষ্ঠান। ৬৭ বছর বয়সের এই লেখকের বেশির ভাগ সময় কাটে শিশুদের কলরবে এবং শ্রমজীবী মানুষের সাথে।
তার স্ত্রী ফজিলাতুন্নাহার বাংলাদেশ নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। তার বড় ছেলে মোস্তাফিজুর রহমান পারভেজ যুক্তরাষ্ট্রভিত্তিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আগামী এডুকেশন ফাউন্ডেশনের ডিরেক্টরস অব অপারেশন হিসেবে দায়িত্বে রয়েছেন এবং ছোট ছেলে ঢাকায় সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন।