সাধক, গীতিকবি ও গায়ক কামাল পাশার ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ শহীদ মিনারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আল-হেলাল বলেন, সুনামগঞ্জের ৫ প্রধান লোককবির মধ্যমণি গীতিকার-সুরকার ও গানের সম্রাট বাউল কামাল পাশার জন্মবার্ষিকী উপলক্ষে ৬ ডিসেম্বর বিকেল ৩টায় জেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভা ও কামালগীতি পরিবেশনের আয়োজন করা হয়েছে।
আরও বলেন, অনুষ্ঠানে জেলার গণ্যমান্য সংস্কৃতি অনুরাগীরা মূল্যবান বক্তব্য রাখবেন এবং বিশিষ্ট বাউল শিল্পীরা কামালগীতি পরিবেশন করবেন।
কামাল পাশার জন্ম-মৃত্যু দিরাই উপজেলায়, যথাক্রমে ১৯০১ সালের ৬ ডিসেম্বর ও ১৯৮৫ সালের ৬ মে। তিনি একাধারে মরমি কবি, গীতিকার, সুরকার, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক। তার অতিপরিচিত গানের মধ্যে রয়েছে দ্বীন-দুনিয়ার মালিক খোদা ও প্রেমের মরা জলে ডুবে না।