নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শপথ

বৈরী আবহাওয়া উপেক্ষা করে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে শপথ নিয়েছেন নারী-পুরুষ, তরুণ, শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ নোয়াখালীর সুবর্ণচরের তিন শতাধিক মানুষ। বিশ্বব্যাপী চলমান কর্মসূচি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষের অংশ হিসেবে গতকাল সোমবার সুবর্ণচর পাংখার বাজার উচ্চ বিদ্যালয় মাঠে এক উন্মুক্ত সংলাপ আয়োজিত হয়। উন্নয়ন সংগঠন পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান), নিজেরা করি ও বন্ধন’র যৌথ উদ্যোগে একশনএইড বাংলাদেশ ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহায়তায় ‘নারীর প্রতি সহিংসতা বন্ধে উন্মুক্ত সংলাপ’ শীর্ষক এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে বক্তারা বলেন, সব ধরনের সহিংসতা বন্ধ করতে আমাদের পারিবারিক শিক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।

জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ব্যক্তিগত এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথের মধ্যদিয়ে এই আয়োজন সমাপ্ত হয়।

অনুষ্ঠানে সুবর্ণচর উপজেলা ভাইস চেয়ারম্যান সালমা চৌধুরী, চর জব্বার থানার ওসি জিয়াউল হক, পাংখার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন বাবুল প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।