মোটরসাইকেল ও সাইকেলচালকদের মানসম্পন্ন হেলমেট ছাড়া রাস্তায় বের না হওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ব্র্যাক আয়োজিত বাংলাদেশে ইউএন স্ট্যান্ডার্ড হেলমেট চালুকরণ অনুষ্ঠানে এ কথা বলেন।
আইজিপি বলেন, ‘দেশ যত উন্নত হচ্ছে রাস্তায় বিভিন্ন ধরনের যানবাহনের সংখ্যা তত বাড়ছে। সড়ক নিরাপত্তাও দিন দিন চ্যালেঞ্জ হয়ে উঠছে।’ এক পরিসংখ্যান উল্লেখ করে তিনি বলেন, সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তিদের ৭০ ভাগই পথচারী। অন্যদিকে মোটরসাইকেল ভিকটিমদের বেশিরভাগই তরুণ, যাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। তারা দেশের উৎপাদনক্ষম জনশক্তি।
আইজিপি বলেন, গত ছয় মাসে দেশে ১ হাজার ৪৯৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে ৪৭৮টি। গত ছয় মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩৩৬ জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে ২৩৯ জনের হেলমেট ছিল। আহত হয়েছেন ৩০৫ জন, এর মধ্যে ২২৪ জনের হেলমেট ছিল না। এটা হলো হেলমেট থাকা না থাকার একটা দিক। অন্যদিক হলো হেলমেটের কোয়ালিটি। আমাদের দেশে হেলমেটের কোনো সার্টিফিকেশন কর্র্তৃপক্ষ নেই। তিনি দেশে ইউরোপীয় ইউনিয়ন অথবা ইউএস স্ট্যান্ডার্ড হেলমেট আমদানি অথবা দেশে অ্যাসেম্বলিংয়ের ওপর গুরুত্বারোপ করেন।
দেশে এখন অনেক প্রতিষ্ঠান মোটরসাইকেল উৎপাদন করছে উল্লেখ করে পুলিশপ্রধান মোটরসাইকেলের সঙ্গে হেলমেট যুক্ত করে প্যাকেজ মূল্য নির্ধারণের জন্য উৎপাদনকারীদের প্রতি আহ্বান জানান। তিনি নিম্নমানের হেলমেট আমদানি বন্ধেরও দাবি জানান।
ড. বেনজীর আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যু বা আহত হলে এটা শুধু একটা পরিবারেরই ক্ষতি নয়, এতে দেশের অর্থনীতিও ক্ষতির সম্মুখীন হয়। এ ধরনের সময়োপযোগী অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার এবং বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।