প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও তলের নেতা মোসাদ্দিক জায়গীরদারসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। গত রবিবার রাত সাড়ে ১০টায় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম বাদী হয়ে খুলনা সদর থানায় এ মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১ অক্টোবর জাতীয়তাবাদী নাগরিক কমিটি আয়োজিত ‘বাংলাদেশ ও শহীদ জিয়াউর রহমান’ শীর্ষক এক আলোচনা সভায় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বিভিন্ন ধরনের কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন, যা বিএনপির ইউটিউব চ্যানেলে আপলোড করে প্রচার করা হচ্ছে। সেখানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও তিনি কটূক্তিপূর্ণ বক্তব্য দেন।
এ বিষয়ে খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, আসামি এ ধরনের বক্তব্য প্রদান করে জঘন্যতম অপরাধ করেছেন।
খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন বলেন, বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।