কক্সবাজারে গাছে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ

কক্সবাজার বাসটার্মিনাল সংলগ্ন পূর্বলার পাড়ায় গাছের সঙ্গে ঝুলন্ত এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার ভোরে স্থানীয়রা ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পায়। পরে সকাল ১০টার দিকে কক্সবাজার সদর মডেল থানা-পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

স্থানীয়রা জানিয়েছেন, ভোরে নামাজ পড়তে বের হলে স্থানীয় মুসল্লিরা গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত ওই লাশটি দেখতে পান।

স্থানীয় মেম্বার মো. ইউনুছ জানিয়েছেন, লোকটি অচেনা। স্থানীয়রা কেউ তাকে চিনতে পারছে না।

তবে কেউ কেউ বলছেন, লোকটিকে আগে ওই এলাকায় দেখা গেছে। লোকটির পরিচয় কি, এটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. মনিরুল গিয়াস জানান, লাশ উদ্ধারের পর ঘটনা তদন্ত করে ক্লু উদ্ধারের চেষ্টা চলছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই ঘটনা নিয়ে এলাকার লোকজনের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।