দাউদকান্দিতে হামলায় স্কুলছাত্র নিহত

কুমিল্লার দাউদকান্দিতে ফুপুর বাড়িতে মাহফিলে গিয়ে হামলায় ইফতেখার হাসান ইমন (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নারিকেলতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমন একই ইউনিয়নের পিপিয়াকান্দি গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে এবং বরকোটা স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে।

নিহতের চাচাতো ভাই সায়েম ও চাচা ইব্রাহিম বলেন, সোমবার নারিকেলতলা দারুননাজাত নুরানী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে ইমন তার ফুপুর বাড়িতে যায়। মাহফিলে ফুচকার দোকানের সামনে মালাখালা গ্রামের কিছু ছেলে ইমনের ওপর হামলা করে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ইমনকে উদ্ধার করে গৌরীপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর সে মারা যায়।