নিউজিল্যান্ডেও রান করা সম্ভব: মুমিনুলদের উদ্দেশ্যে সাকিব

পারিবারিক কারণে নিউজিল্যান্ড সিরিজের দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। মুমিনুল হকরা যখন তাসমান সাগর পাড়ে অনুশীলন করে যাচ্ছেন, সাকিব তখন পরিবারের সঙ্গে সময় কাটাতে পাড়ি দিচ্ছেন যুক্তরাষ্ট্রে।

বুধবার এই অলরাউন্ডার ঢাকা ছেড়েছেন। আর যাওয়া আগে নিউজিল্যান্ডে অবস্থানরত দলের জন্য শুভ কামনা জানিয়ে গেলেন তিনি।

নিউজিল্যান্ডে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। যেখানকার কন্ডিশনে বরাবরই বাংলাদেশকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে। বিশেষ করে কিউই পেস আক্রমণের মুখে ব্যাটাররা সাফল্য পেয়েছেন খুব কমই।

যে কজনের সাফল্য আছে, তাদের মধ্যে সাকিব একজন। টেস্ট ক্যারিয়ারে নিজের সেরা ২১৭ রানের ইনিংসটি নিউজিল্যান্ডের মাটিতেই খেলেছেন তিনি।

পরিবারের কাছে যাওয়া আগে সাকিব তাই সতীর্থদের উদ্দেশ্যে বললেন, ‘ব্যাটিংটাও ওখানে ভালো করা যায়। এমনকি শেষবার অনেকেই এক শ করেছে। তামিম, রিয়াদ ভাই, সৌম্য সবাই এক শ করেছে। ওখানে আসলে রান করা যায়, টিমের প্রতি এই বার্তাটা থাকবে সবার আগে।’

১ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। ভেন্যু- মাউন্ট মঙ্গানুইতে। ক্রাইস্টচার্চে পরের টেস্ট শুরু ৯ জানুয়ারি।

আরো পড়ুন

নতুন বছরে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা সাকিবের