টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতা, বছরের শেষে ঘরের মাঠে পাকিস্তান সিরিজেও ভরাডুবি। বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে হার। সব মিলে ২০২১ সালে বাংলাদেশের ক্রিকেটে হতাশার গল্প অনেক।
যদিও ঘরের মাঠে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস আছে। রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়। এরপরও বছরটা বাংলাদেশের জন্য হতাশারই।
জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানও বিষয়টা মেনে নিচ্ছেন। আর মেনে নিয়েই জানালেন, নতুন বছরে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশার কথা।
পরিবারের সঙ্গে সময় কাটাতে বুধবার দেশ ছাড়েন সাকিব। বিমানবন্দরে মুখোমুখি হন সাংবাদিকদের।
সাকিব বলেন, ‘বিশ্বকাপে যেহেতু বড় একটা লক্ষ্য ছিল কিন্তু পূরণ করতে পারিনি, সেদিক থেকে হতাশাজনক। তবে এ রকম আগেও হয়েছে যার পর আমরা খুব ভালোভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি।’
‘আশা থাকবে নতুন বছরে আমরা যেন ভালোভাবে কামব্যাক করতে পারি এবং নিজেদের আরো ইম্প্রুভ করতে পারি।’
এ বছর বাংলাদেশ খেলেছে ৭টি টেস্ট। যেখানে জয় কেবল একটি। সঙ্গে ড্র আছে একটি। ১২ ওয়ানডে খেলে ৮টিতে জিতেছে দল। যদিও বেশির ভাগ জয়ই ঘরের মাঠে। আর সব মিলে ২৭ টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় ১১ ম্যাচে।
সাকিব আরো বলেন, ‘অনেক জায়গায়ই উন্নতি দরকার আছে। ভালো খেললেও দরকার আছে, খারাপ খেললেও দরকার আছে। চেষ্টা থাকবে যেসব জায়গায় উন্নতি প্রয়োজন সবাই মিলে বসে যেন চিহ্নিত করা যায়। সেসব জায়গায় যেন আমরা উন্নতি করতে পারি।’
