ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্র হত্যার বিচার দাবি

ঠাকুরগাঁওয়ে জিলা স্কুলের ছাত্র মেহেদি হাসান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তারা হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়। একপর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভূঁইয়া শিক্ষার্থীদের শান্ত থাকার পরামর্শ দিয়ে হত্যাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দেন।

গত বুধবার রাতে শহরের গোবিন্দনগরের বিসিক মোড়ে মুখোশধারীদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয় মেহেদি হাসান। এ সময় আহত হয় তার বন্ধু আরমান। মেহেদি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে আগামী বছরের এসএসসি পরীক্ষার্থী। আরমান একই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।