পুড়ে গেছে বাড়ি দোকান কারখানা গুদাম

আগুন লেগে মাদারীপুর শহরের পুরানবাজারে ছয়টি দোকান, খাগড়াছড়ির দীঘিনালায় একটি বাড়ি, ঢাকার সাভারে একটি সোয়েটার তৈরির কারখানা এবং গাজীপুরের কালিয়াকৈরে ঝুটের গুদাম পুড়ে গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর:

মাদারীপুর : শহরের পুরানবাজারের করাচিবিড়ি রোড এলাকায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে অগ্নিকান্ডে ৬টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে করাচিবিড়ি রোডের একটি সুমন মাইক সার্ভিসের দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও শরীয়তপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকা-ে আল আমিন বেডিং স্টোর, আবদুস সাত্তার আকনের বেডিং স্টোর, সৈয়দ আশরাফের সুমন মাইক সার্ভিস, সেরজন হাওলাদারের সোহাগ সেনেটারি, শহিদ খলিফার দুটি বেডিং স্টোর ও মালামাল ছাই হয়ে গেছে।

খবর পেয়ে মাদারীপুরের জেলা প্রশাসকসহ স্থানীয় সরকার ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

দীঘিনালা (খাগড়াছড়ি) : দীঘিনালার মেরুং ইউনিয়নের রশিক নগর বটতলী এলাকার রফিকুল ইসলামের বসত বাড়ি আগুনে পুড়ে গেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় বাড়িটিতে আগুনে জ¦লতে দেখে লোকজন দমকলে কল দেন।

তবে ক্ষতিগ্রস্ত রফিকের ছোট ভাই জফিকুল ইসলাম বলেন, ‘আমার ভাই খাগড়াছড়িতে ছিল। বাড়িতে যখন আগুন লেগেছে, তখন বাসায় কেউ ছিল না। ঘরে সোলার প্যানেল ছাড়া বিদ্যুৎ-সংযোগ নেই। বাড়িতে দুই দিন ধরে চুলায় রান্না হয় না। কেউ ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে আমার বড় ভাইয়ের ঘরে আগুন লাগিয়ে দিয়েছে।

সাভার : একটি সোয়েটার তৈরির কারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে আশুলিয়ার ইউনিক এলাকার রাঙা সোয়েটার কারখানায় এ অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে তা নিয়ন্ত্রণে আনে। ওয়েল্ডিং মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান।

গাজীপুর : কালিয়াকৈর উপজেলার বারাবো বেগমপুর এলাকায় আগুন লেগে পুড়ে গেছে ঝুটের গুদাম। গতকাল শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ পরিদর্শক কুম্ভ সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভানো সম্ভব হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত না করে বলা যাচ্ছে না।