মহেশখালীতে অস্ত্রসহ ৫ জলদস্যু গ্রেপ্তার

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়ায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৫ জলদস্যুকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ। গতকাল সোমবার বিকেলে সোনাদিয়ার পূর্ব-পশ্চিম পাড়ার বরইতলা সংলগ্ন বঙ্গোপসাগরে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি এলজি বন্দুক ও ১টি রাম দা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ওসি আবদুল হাই বলেন, সোনাদিয়ায় ডাকাতির খবর পেয়ে অভিযান চালিয়ে ৫ জলদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’

গ্রেপ্তাররা হলেন সোনাদিয়ার মো. রাসেল (৩২), মাতারবাড়ির নতুনবাজারের ওয়াজ উদ্দিন (২৭), মাতারবাড়ির মিয়াজির পাড়ার মো. সাগর (২৫), সাইরার ডেইলের আবদুল মালেক (৩৫) ও কক্সবাজার সদরের নাজিরাটেকের টেকপাড়ার মো. শহিদ।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (মহেশখালী-কুতুবদিয়া সার্কেল) জাহিদুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার জলদস্যুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও কয়েকজন জলদস্যুর নাম আসছে। তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আইনের আওতায় আনা হবে।’