সাতক্ষীরায় বাসের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

সাতক্ষীরার তালা উপজেলার খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার জাতপুর পেয়ারাতলায় বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় এ ঘটে।

তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, সন্ধ্যায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মারাত্মক আহত হন। পরে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় নিহত হন তারা।

নিহতরা হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলার আটুলিয়া গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে আব্দুর রশিদ মোড়ল (৬০) এবং শুকুর মোড়লের ছেলে মো. জিল্লুর রহমান মোড়ল (৫৮)।

এ সময় গুরুতর আহত একই গ্রামের মোজাম মোড়লের ছেলে মো. আবু তালেব (৭০) এর অবস্থা এখনো আশঙ্কাজনক।

ওসি জানান, বাসটি তালার জাতপুর ক্যাম্পের পুলিশ আটক করেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।