পরাজিতদের হামলা

বিজয়ী কাউন্সিলর সমর্থকদের সড়ক অবরোধ

নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর প্রার্থী নাসিম উদ্দিন সুনামের সমর্থকদের বাড়ি বাড়ি হামলার প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ওয়ার্ডের সোনাপুর মাইজদী প্রধান সড়কের উত্তর সোনাপুর এলাকায় রাস্তা অবরোধ করেন সমর্থকরা। আধা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এদিন নিজ বাড়ির সামনে সংবাদ সম্মেলনে বিজয়ী কাউন্সিলর নাসিম উদ্দিন সুনাম অভিযোগ করেন, কাউন্সিলর প্রার্থী মো. জাকির হোসাইন নির্বাচনে পরাজিত হয়ে এখন আমার কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হামলা ও পিটিয়ে আহত করছেন। এ পর্যন্ত চারটি বাড়িতে হামলা করা হয়েছে। আমার আত্মীয়স্বজনদের ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে তাদেরও হুমকিধমকি দেওয়া হচ্ছে। অভিযোগ দেওয়া সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

অন্যদিকে সন্ধ্যায় নোয়াখালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে অভিযোগ অস্বীকার করেন পরাজিত প্রার্থী জাকির হোসেন। তিনি বলেন, ‘আমি নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে আমার মন ভাঙা, আমি ক্লান্ত। অনাকাক্সিক্ষত ফলাফলে হতাশ হয়ে আমি ঘরে শুয়ে আছি। আমি কাকে হুমকিধমকি দেব বা হামলা করব?’

সুধারাম মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, ‘কেউই আইনের ঊর্ধ্বে নয়। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’