দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনা। প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকার সড়কে যে মৃত্যু হচ্ছে তার বেশিরভাগই হচ্ছে এই ব্যক্তিগত বাহনের দুর্ঘটনায়। গত সোমবারও সারা দেশ থেকে সড়ক দুর্ঘটনায় যত মৃত্যুর খবর এসেছে তার বেশিরভাগই হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়। এর মধ্যে গত রবিবার রাতে নওগাঁর ধামইরহাটে ট্রাকচাপায় নিহত হয়েছেন একই মোটরসাইকেলের ৪ আরোহী। তারা সবাই সবজি বিক্রেতা। গতকাল সকালে নাটোরের সিংড়ায় বাসের ধাক্কায় নিহত হয়েছেন আরেক মোটরসাইকেল আরোহী। সিরাজগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে বাসের ধাক্কায় নিহত হয়েছেন এক ভূমি উপ-সহকারী কর্মকর্তা। এছাড়া এদিন রাজধানীর বেইলি রোডে ট্রাকচাপায় এক ভ্যানচালক এবং কিশোরগঞ্জের হোসেনপুরে ট্রাকচাপায় এক রিকশাচালক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত
নওগাঁর প্রতিনিধি জানিয়েছেন, রবিবার রাত ৯টার দিকে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক সড়কের হরতকীডাঙ্গা এলাকায় ট্রাকচাপায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেনÑ উপজেলার নানাইচ গ্রামের গোলজার হোসেনের ছেলে আবু সুফিয়ান (১৮), একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে আবদুস সালাম (৩০), উপজেলার জাহানপুর গ্রামের মিনহাজুল (২৮) ও একই গ্রামের সজল (৩৫)।
ধামইরহাট থানার ওসি কে এম রাকিবুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ওই চার ব্যক্তিই সবজির ব্যবসা করতেন। রবিবার রাতে ধামইরহাট উপজেলার বাজারে সবজি বিক্রি করে মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। পথে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক সড়কের হরতকীডাঙ্গা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আবু সুফিয়ান এবং আবদুস সালামের মৃত্যু হয়। বাকি দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারাও মারা যান।
নাটোর প্রতিনিধি জানিয়েছেন, জেলার সিংড়া উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টায় নাটোর-বগুড়া মহাসড়কের বাঁশের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান মো. রাসেল (২৫) নামে ওই ব্যক্তি। তিনি নন্দীগ্রাম উপজেলার দাঁতমানিকা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি স্বেচ্ছায় রক্তদানের সংগঠন রনবাঘা ব্লাড ডোনার ক্লাবের সভাপতি ছিলেন।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, সোমবার সকালে সিংড়া দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসায় ভাতিজাকে রেখে বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পৌর ভূমি উপ-সহকারী কর্মকর্তা আবদুস সালাম (৪৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের সড়াতৈল গ্রামের মোজাহার হোসেনের ছেলে। গত রবিবার ভোর ৬টার দিকে নগরবাড়ী-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পৌর সদরের শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডে মোটরসাইকেলের ওপর দাঁড়িয়ে থাকা অবস্থায় পাবনা থেকে ঢাকাগামী সি-লাইন কোচের ধাক্কায় আবদুস সালাম মাটিতে পড়ে মাথায় আঘাত পান। পথচারীরা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
কিশোরগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, জেলার হোসেনপুরে বালুবাহী ট্রাকচাপায় নাজিম উদ্দিন (৪০) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের ব্র্যাক অফিস সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নাজিম উপজেলার ধনকুড়া গ্রামের বাসিন্দা। হোসেনপুর থানার ওসি শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে রাজধানীর বেইলি রোডে ট্রাকের চাপায় নুরে আলম (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরেক ভ্যানচালক তুহিন হোসেন (৩৮)। গতকাল ভোরে বেইলি রোড সার্কিট হাউজ মসজিদের সামনের রাস্তার এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সকাল ৭টায় নুরে আলমকে মৃত ঘোষণা করেন। নিহত নুরে আলমের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলায়। তার বাবার নাম মেহেরাব হোসেন।
গতকাল সন্ধ্যায় রমনা থানার ওসি মনিরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, দুর্ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তবে এখনো ট্রাকের চালককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।