সাফারি পার্কে বাঘ-জেব্রার পর সিংহীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এক মাসের মধ্যে একটি ১ টি বাঘ ও ১১টি জেব্রা মৃত্যুর কুলকিনারা না হতেই একটি সিংহী মারা গেল।

বৃহস্পতিবার দুপুরের পরে সিংহীটি মারা গেছে। সিংহীটি অসুস্থ ছিল বলে পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে।  

সাফারি পার্কে গত মাসের বিভিন্ন সময় ১১ টি জেব্রা মারা গেছে। জেব্রা মৃত্যুর ভেতরেই একটি বাঘের মৃত্যু হলেও পার্ক কর্তৃপক্ষ সে খবর চেপে যান। পরে বিষয়টি ফাঁস হলে তদন্ত কমিটিকে অবহিত করা হয়।

অল্প সময়ের মধ্যে এতগুলো জেব্রা ও ১ টি বাঘ মারা যাওয়ার ঘটনায় একটি মেডিকেল টিম ও তদন্ত কমিটি গঠন করা হয়। বাঘটি অ্যানথ্রাক্স আক্রান্ত হয়ে মারা গেছে।

বাঘ ও জেব্রার মৃত্যুর ঘটনায় পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবির, ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান ও ভেটেরিনারি সার্জন ডা. জুলকার নাইন মানিককে প্রত্যাহার করা হয়েছে। পার্কের প্রকল্প পরিচালকের দায়িত্ব দেওয়া হয় বন্য প্রাণী বিভাগের প্রধান বন সংরক্ষক মোল্লা রেজাউল করিমকে।

মোল্লা রেজাউল করিম সিংহী মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দেশ রূপান্তরকে।

পার্কের একটি সূত্র জানায়, বেশ কিছুদিন ধরেই বেষ্টনীতে অসুস্থ হয়ে পড়ে সিংহীটি। উচ্চ পর্যায়ের মেডিকেল দল অসুস্থ সিংহীর চিকিৎসা করছিলেন। আজ দুপুরের পরে আচমকা হাত পা ছড়িয়ে দিয়ে কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ে সিংহীটি মারা যায়। এ সময় সিংহীর শরীরে উচ্চ তাপমাত্রা ছিল। ধারণা করা হচ্ছে বাঘের মতোই অ্যানথ্রাক্স আক্রান্ত হয়ে মারা গেছে সিংহীটি।

মারা যাওয়া সিংহীর শরীর থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। এর পর মরদেহ পার্কে ভেতরেই মাটি চাপা দেওয়া হয়েছে।

এ বিষয়ে সদ্য যোগদান করা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের মন্তব্য পেতে তাকে বেশ কয়েকবার মোবাইলে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সদ্য নিযুক্ত হওয়া প্রকল্প পরিচালক (বন সংরক্ষক বন্য প্রাণী) মোল্লা রেজাউল করিম বলেন, বেশ কয়েক মাস ধরেই চিকিৎসা করা হয়েছে সিংহীটির। অসুস্থ হওয়ার পর থেকে উচ্চ পর্যায়ের মেডিকেল টিম নিয়মিত চিকিৎসা করছিলেন। সিংহীটির পেটের নিচে পানি জমেছিল। পা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলত।

তিনি বলেন, মিরপুর চিড়িয়াখানার সাবেক কিউরেটর ডা. এবিএম শহীদুল্লার তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল। বেশ কিছুদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিল। আজও শ্বাসকষ্ট ছিল মারা যাওয়ার সময়। এটি আফ্রিকা থেকে আনা ধূসর বর্ণের একটি সিংহী। বয়স হয়েছিল ১১ বছর।

এখন কতটি সিংহ আছে জানতে চাইলে তিনি বলেন, আমি অল্প সময় হলো জয়েন করেছি। এখনো বিস্তারিত আমি জানি না।