যশোরে যুবদলের সমাবেশে লাঠিচার্জ, আহত ২৫

যশোর জেলা বিএনপির কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশে পুলিশ কর্তৃক লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে। এতে দলটির অন্তত ২৫ জন কর্মী আহত হয়েছেন। গতকাল শনিবার এ ঘটনা ঘটে। আহতদের ১০ জন যশোর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাকিরা স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা জানান, সিরাজগঞ্জে যুবদল নেতা আকবর আলী হত্যার প্রতিবাদে গতকাল যশোর বিএনপির কার্যালয়ে জেলা যুবদলের প্রতিবাদ সমাবেশ চলছিল। সমাবেশ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ এসে লাঠিচার্জ করে।

যশোর পুলিশের মুখপাত্র ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার বলেন, ‘অনুমতি ছাড়াই সমাবেশ করেছে যুবদল। মানা করা হলে তারা আমাদের ওপর হামলা করে। হামলা ঠেকাতে পুলিশ লাঠিচার্জ করেছে।’