এক যুগ পরে প্রবর রিপনের নতুন কবিতার বই ‘গোধূলী ক্যাবারে’

অমর একুশে গ্রন্থমেলা-২০২২ উপলক্ষে প্রায় এক যুগ পরে প্রকাশিত হলো সময়ের অন্যতম গায়ক ও কবি প্রবর রিপনের নতুন কবিতার বই ‘গোধূলী ক্যাবারে’। বইটি প্রকাশ করেছে কিংবদন্তী পাবলিকেশন। প্রচ্ছদ করেছেন সোহাগ।

গোধূলী ক্যাবারে প্রবর রিপনের তৃতীয় কবিতার বই। সঙ্গীত চর্চার পাশাপাশি গত ১১ বছরে অনেক কবিতা লিখলেও তার থেকে বাছাই করে ৫৪টি কবিতাকে মলাটে স্থান দিয়েছেন তিনি।

বইটি পাওয়া যাচ্ছে রকমারি-সহ সকল অনলাইন বুকশফে। বাতিঘর-এর সকল শাখা এবং পাঠক সমাবেশ (ঢাকা) থেকেও পাঠক গোধূলী ক্যাবারে  সংগ্রহ করতে পারবেন। বইটির বিক্রয় মূল্য ২৫০ টাকা (মুদ্রিত মূল্য ৩৫০ টাকা)।

দীর্ঘদিন পর নিজের তৃতীয় কবিতার বই প্রকাশের প্রসঙ্গে প্রবর রিপন বলেন, ‘প্রায় এক যুগ পর কবিতার বই বের হচ্ছে। গত ১১ বছরে লেখা অনেক কবিতা থেকে ৫৪টি কবিতা থাকছে এই বইয়ে। পৃথিবী— বিশেষ করে মানুষের পৃথিবী যে অন্তিম গোধূলীতে মেতে আছে সেই গোধূলীর নারকীয় ক্যাবারের কবিতা এসব। আশা করি, কবিতাগুলো সবার খারাপ লাগবে।’

২০০৭ সালে ‘নৈঃশব্দের মৃত্যু’ নামে প্রথম কবিতার বই প্রকাশিত হয় প্রবর রিপনের। এরপর ২০১১ সালে দ্বিতীয় কবিতার বই ‘আমার নাম অসুখ’। ২০১৪ সালে ‘লবণখোর’ নামে এক কাব্যনাটক প্রকাশিত হয় তার।

লেখালেখির পাশাপাশি বাংলাদেশের নতুন রক ব্যান্ড ‘সোনার বাংলা সার্কাস’-এর ভোকাল, গিটারিস্ট ও লিরিসিস্ট হিসেবে কাজ করছেন প্রবর রিপন। 

গোধূলী ক্যাবারে  প্রকাশ উপলক্ষে ১১ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যা ৭টায় যাত্রাবিরতি’তে (৬০ কামাল আতাতুর্ক সরনী, বনানী, ঢাকা) এক উন্মুক্ত প্রকাশনা অনুষ্ঠানও আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে থাকছে কবিতা পাঠ ও আড্ডা।

এদিন প্রবর রিপনের পূর্বে প্রকাশিত ‘লবণখোর’-এর সীমিত সংখ্যক কপি কেউ চাইলে সংগ্রহ করতে পারবেন। থাকছে ‘সোনার বাংলা সার্কাস’-এর সিডি, পোস্টার সংগ্রহ করার সুযোগও।