জাদু শব্দটি শুনলেই ভেতরটা নড়েচড়ে বসে। আর চকলেট শব্দটি তো মজায় মজা। ছোট থেকে বুড়ো কার না খেতে ভালো লাগে। বলছিলাম শিশু সাহিত্যিক, কবি, গল্পকার মনিরা পারভীনের কথা। যিনি অমর একুশে বইমেলা ২০২২ এ নিয়ে এসেছেন তার শিশু কিশোর গল্পের বই ‘জাদুর চকলেট’।
বইটিতে এগারোটি গল্প মলাটবদ্ধ হয়েছে। বইটির প্রচ্ছদ করেছেন নিসা মাহ্জজাবীন। বইটির প্রকাশিত হয়েছে সপ্তডিঙা প্রকাশনী থেকে।
বইটির প্রথম গল্পের নাম টিকটিকি। যেখানে টিকটিকির বিষয়ে একটি কিশোরের জানার ইচ্ছে প্রকাশ পেয়েছে। তার মনে নানা প্রশ্ন জেগেছে। আর সেই টিকটিকি নিয়ে তার গবেষণার ওপর ভিত্তি করে গল্পটি রচিত হয়েছে। যা সহজেই মনকে আকৃষ্ট করবে। বইটিতে লেখকের ছেলেবেলার গল্প আছে। যেখানে তার বিড়াল টুকি আর পোষা কুকুর টমের কথা বলা হয়েছে। আছে পাখি নিয়ে চমৎকার একটি গল্প। যার নাম ‘ইনু ও তার ছানারা’। আরও লিখেছেন ‘মজার কিছু গ্যাসের গল্প’, গাছ দাদু, রেজার ছেলেবেলা। শিশু কিশোর বয়সে ঘরে বসে কিছু খেলা আমরা সবাই খেলেছি। তেমনি একটা খেলা নিয়ে গল্প লিখেছেন ‘চোর ডাকু পুলিশ বাবু’। লিখেছেন সমসাময়িক বিষয় নিয়ে চমৎকার একটি গল্প ‘কোভিড ১৯ ও ইশকুল’। আর যে গল্প দিয়ে বইটির নাম করণ তা হলো ‘জাদুর চকলেট’। টাকা দিয়ে এই চকলেট পাওয়া যায় না। এক পরী এসে বিশেষ উপহার স্বরূপ চকলেট দিয়ে যায়। কেন দেয়? কী করলে এই চকলেট পাওয়া যায় তা চমৎকার একটি গল্পের মধ্য দিয়ে লেখক তুলে ধরেছেন। যা খুব সহজেই শিশু কিশোরের মনে জায়গা করে নেবে।
লেখকের প্রথম প্রকাশিত বই ‘পিঁপড়ে ও চিনি’। প্রকাশিত হয়েছে অমর একুশে বইমেলা ২০২১ এ। প্রকাশ করেছে অন্বয় প্রকাশনী। সেখানে ছয়টি শিশুতোষ গল্প আছে। প্রতিটি গল্পই শিক্ষামূলক। বই দুটো রকমারি ডটকমে পাওয়া যাচ্ছে। পাওয়া যাবে বই মেলার স্টলে।
লেখক তার শৈশব জীবন থেকেই লেখালেখি করে আসছেন। ইতিমধ্যে বিভিন্ন জাতীয় পত্রিকাসহ বিভিন্ন সাহিত্য পত্রিকা,লিটলম্যাগ ও অনলাইন পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়ে আসছে। তিনি একাধারে কবিতা,গল্প,রম্য গল্প,শিশুতোষ গল্প, ছড়া, প্রবন্ধ লিখে আসছেন।
সত্যি বলতে কী তার শিশুতোষ গল্প গুলো যেন জীবন্ত প্রতিচ্ছবি। আর প্রতিটি গল্পে আছে নৈতিক শিক্ষা। যা অত্যন্ত জরুরি। শিশু মনে এখন থেকেই এই বীজ বপন না করলে তারা বিপথে ধাবিত হবে। আমি এই বইটির পাঠকপ্রিয়তা আশা করছি। সেই সঙ্গে লেখকের উত্তরোত্তর মঙ্গল কামনা করছি।