অমর একুশে বইমেলায় প্রকাশিত হলো কবি নাহিদ ধ্রুব’র নতুন কবিতার বই ‘শূন্যে হারানো অরণ্যে’। বইটি প্রকাশ করেছে চন্দ্রবিন্দু প্রকাশন। প্রচ্ছদ করেছেন আল নোমান।
শূন্যে হারানো অরণ্যে নাহিদ ধ্রুব’র পঞ্চম বই। তার তৃতীয় কবিতার বই এলো প্রায় তিন বছর পরে। প্রকৃতি ও প্রেম প্রাধান্য পেয়েছে এই বইয়ে।
বাতিঘর (ঢাকা, চট্টগ্রাম, সিলেট), দেশলাই (কনকর্ড), অনলাইন বুকশপ (প্রথমা, বাতিঘর, রকমারি, বুক এক্সপ্রেস) থেকে পাঠক বইটি সংগ্রহ করতে পারবেন। এছাড়া মেলায় পাওয়া যাবে চন্দ্রবিন্দু প্রকাশনে (স্টল নং: ২৬৮)।
শূন্যে হারানো অরণ্যে প্রকাশের প্রসঙ্গে নাহিদ ধ্রুব বলেন, ‘এই বইয়ের কবিতাগুলোর জন্ম হয়েছে প্রকৃতির খুব কাছে। ফিনফিনে জ্যোৎস্নায় ডুবে যেতে যেতে কিংবা কোনো এক নির্জন দ্বীপে পা রাখলে হয়তো পাঠকের দেখা হয়ে যেতে পারে এই কবিতাগুলোর সঙ্গে, আবার নাও হতে পারে। অস্থিরতা থেকে প্রেম, প্রেম থেকে ডিপ্রেশন, ডিপ্রেশন থেকে প্রকৃতি… কবিতাগুলো আটকে পড়েছে কোনো এক হিমশীতল পাথরে আঁকা এমন কোনো চক্রের মাঝে।’
নাহিদ ধ্রুব’র প্রকাশিত অন্য দুই কবিতার বই— মৃত্যুর মতো বানোয়াট (২০১৭) ও থাকে শুধু আলেয়া (২০১৯)। গত বছর প্রকাশিত তার একমাত্র উপন্যাস উদাসীনতা,সঙ্গে থেকো। ২০২০ সালে প্রকাশিত হয় গল্পগ্রন্থ হিম বাতাসের জীবন।