বাঙালির চেতনাকে বিএনপি ধারণ করে না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, শেখ হাসিনার সরকার বিশ্বময় বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। অপরদিকে বাঙালির চেতনাকে বিএনপি ধ্বংস করছে।

গতকাল সোমবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে দলীয় নেতাদের নিয়ে আজিমপুর কবরস্থানে ভাষাশহীদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও তাদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন তথ্যমন্ত্রী।

‘আওয়ামী লীগ একুশ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘এই দেশ ও বাঙালির সব অর্জন আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। আর মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের নিয়ে রাজনীতি করে বিএনপি। বাঙালি চেতনাকে বিএনপি ধারণ করে না, খালেদা জিয়াও করেন না। সে কারণে বিএনপি মহাসচিবের বক্তব্য তাদের বেলাতেই প্রযোজ্য। বাংলার চেতনাকে, বাঙালি এবং মুক্তিযুদ্ধের চেতনাকে বিএনপিই ধ্বংস করছে।’

ভাষার জন্য শহীদ ও আন্দোলনকারী সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘যারা বাঙালির কণ্ঠরোধ করতে চেয়েছিল, বাঙালি ও বাংলা ভাষার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আমাদের ভাষার অধিকার হরণ করতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে ১৯৫২ সালের এই দিনে ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তুলেছিল এবং সেই রক্তক্ষয়ী প্রতিরোধের মধ্য দিয়ে আমাদের ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছিল। আজকের এই দিনে যারা দেশবিরোধীদের প্রশ্রয় দিচ্ছে, দেশের বিরুদ্ধে, দেশের উন্নয়ন-অগ্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

শেখ হাসিনার সরকার বিশ্বময় বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন, আমাদের লক্ষ্য বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যেই কাজ করছি আমরা।’