অমর একুশে বইমেলায় প্রকাশিত হলো দ্বিতীয় দশকের কবি সাম্য রাইয়ানের নতুন কবিতার বই ‘লিখিত রাত্রি’। বইটি প্রকাশ করেছে ঘাসফুল প্রকাশনী। প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত।
৫৫টি কবিতা নিয়ে সাজানো এ বইয়ের দাম রাখা হয়েছে ১৬০ টাকা। বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে ঘাসফুল প্রকাশনীতে (স্টল নং: ৫৪৮)।
লিখিত রাত্রি প্রসঙ্গে সাম্য রাইয়ান বলেন, ‘২০১৫ সালের জুন ও জুলাই মাসে পঞ্চান্ন পর্বের এই সিরিজটি রচিত হয়েছিলো। এতে উঠে এসেছে রাত্রির নানা রূপময় চিত্র। পঞ্চান্ন পর্বের এই সিরিজজুড়ে রাত্রির গল্প— অনেক রাত— রাতের পর রাত যা লিখিত হয়েছে— এক রাত্রিতে এসে তা পূর্ণরূপ নিয়েছে। সেখানে বিস্তৃত হয়েছে রাত্রির নিজস্ব আসবাব— কুকুর, পতিতা, নাইটগার্ড, পাখি, কবি, প্রেম, বিবাহ, ট্রাক ড্রাইভার…!’
সাম্য রাইয়ানের জন্ম ও বেড়ে ওঠা কুড়িগ্রামে। দীর্ঘদিন ধরে লিটলম্যাগ ও ওয়েবজিনে লেখালেখি করছেন তিনি। ২০০৬ সাল থেকে তার সম্পাদনায় প্রকাশিত হচ্ছে লিটলম্যাগ ‘বিন্দু’।
এর আগে প্রকাশিত হয়েছে সাম্য রাইয়ানেরর চারটি কবিতার বই— বিগত রাইফেলের প্রতি সমবেদনা (২০১৫), মার্কস যদি জানতেন (২০১৮), হলুদ পাহাড় (২০১৯) ও চোখের ভেতরে হামিং বার্ড (২০২০)।
এর বাইরে দু’টি গদ্যের বইও আছে তার— সুবিমল মিশ্র প্রসঙ্গে কতিপয় নোট (২০১৪) ও লোকাল ট্রেনের জার্নাল (২০২১)