আখতারুজ্জামান ইলিয়াসকে গ্রাহ্য করা হয় ‘অজর লেখক’ হিসেবে। দুটি কালজয়ী উপন্যাস ‘চিলেকোঠার সেপাই’ ও ‘খোয়াবনামা’, পাঁচটি ছোটগল্প সংকলন, একমাত্র প্রবন্ধ সংকলন ‘সংস্কৃতির ভাঙা সেতু’ বাংলা সাহিত্যে চিরায়ত সম্পদ বলে স্বীকৃত।
১৯৪৩ সালে ১২ ফেব্রুয়ারি গাইবান্ধায় জন্মগ্রহণ করেন আখতারুজ্জামান ইলিয়াস। আসন্ন ২০২৩ সালে এই লেখকের ৮০তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে এমপ্যাথি ন্যাশন শুক্রবার রাত ৯টায় ভার্চ্যুয়ালি আয়োজন করতে যাচ্ছে ‘আখতারুজ্জামান ইলিয়াসের পৃথিবী’ শীর্ষক আলোচনা।
এতে আলোচনা করবেন কথাসাহিত্যিক ও চিকিৎসা নৃবিজ্ঞানী শাহাদুজ্জামান।
এমপ্যাথি ন্যাশনের এ আয়োজন সম্পর্কে প্রতিষ্ঠানটির আর্টস, এডুকেশন, রিসার্চ, ইভেন্ট ও পাবলিকেশন শাখার ভাইস প্রেসিডেন্ট হাসান শাওন বলেন, ‘সহমর্মী পৃথিবী, দেশ ও সমাজ বিনির্মাণের জন্য শিল্প সাহিত্যে প্রতিরোধকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি। আখতারুজ্জামান ইলিয়াসের জীবন ও সাহিত্যকর্ম এ ক্ষেত্রে সহায়ক। আমরা গুণী এ লেখককে ব্যাপক জনগোষ্ঠীর মধ্যে প্রচারের লক্ষ্যে তার ৮০তম জন্মজয়ন্তী পালন করতে চাই। সবার সহায়তা ছাড়া এটি সম্ভব নয়।’
আরও বলেন, “গত ৪ জানুয়ারি ২০২২ সালে আখতারুজ্জামান ইলিয়াসের প্রয়াণ দিবসে ‘আখতারুজ্জামান ইলিয়াস ও শিল্প সাহিত্যে প্রতিরোধ’ শীর্ষক ভার্চ্যুয়াল আলোচনার আয়োজন করেছি। এতে উপস্থিত ছিলেন কথাশিল্পী আহমাদ মোস্তফা কামাল। কভিড মহামারির কারণে আমাদের এবারের আয়োজনটিও ভার্চুয়াল মাধ্যমে হতে যাচ্ছে।’
আলোচনাটি এমপ্যাথি ন্যাশনের ফেসবুক পেজে (facebook.com/empathy7com) শুক্রবার রাত ৯টায় সম্প্রচার হবে।