সাভারে খাল দখলের প্রতিবাদে মানববন্ধন

সাভারের হেমায়েতপুরে বামনী খাল অবৈধভাবে দখলসহ কৃষিজমিতে বালু ভরাটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় কৃষক ও এলাকাবাসী। গতকাল শনিবার দুপুরে ভরাট করা বামনী খালের পাড়ে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, ঐতিহ্যবাহী বামনী খালটি সম্প্রতি দখলসহ কৃষিজমিতে মাটি ভরাট করছে উপজেলার বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও তার লোকজন। প্রশাসনের বাধা উপেক্ষা করে সন্ত্রাসী বাহিনী দিয়ে ঘটনাস্থলে ভীতিকর পরিস্থিতি তৈরির মাধ্যমে অন্যের জমিতে অবৈধভাবে বালু ভরাট অব্যাহত রয়েছে। 

ঢাকা জেলা কৃষকলীগের সহ-সভাপতি আহসান হাবীব বলেন, সাইফুল ও তার  লোকজনের নির্যাতন ও অবৈধ দখলের কারণে এলাকার অনেকেই নিঃস্ব হয়ে পড়েছে। রাজউক, পরিবেশ অধিদপ্তর এমনকি জাতীয় নদী রক্ষা কমিশনের বাধা উপেক্ষা করে তারা কৃষিজমি ও খাল ভরাট করে চলেছেন। 

তবে অভিযোগ অস্বীকার করে বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, আমি কোনো খালের জমি দখল করিনি, খালের জায়গায় খাল আছে। এছাড়া যে কৃষিজমিতে বালু ভরাট করা হচ্ছে তা আমার নিজের এবং আত্মীয়-স্বজনদের।