‘উদয়ের পথে’ ও ‘ওপারে আঁধার’ নিয়ে মেলায় জয়দীপ দে

একুশে বইমেলা উপলক্ষে এসেছে জয়দীপ দে’র দুই উপন্যাস— ইতিহাস আশ্রিত ‘উদয়ের পথে’ ও নব্বই দশকের প্রেক্ষাপটে ‘ওপারে আঁধার’। প্রকাশ করেছে যথাক্রমে কবি প্রকাশনী ও কিংবদন্তী প্রকাশনী।

পাকিস্তান আন্দোলন থেকে ভাষা আন্দোলন সময়কালের ওপর লেখা ‘উদয়ের পথে’ উপন্যাস সম্পর্কে লেখক জানান, ‌‘দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ। ব্রিটেনের অর্থনীতি ভেঙে পড়েছে। অর্ধেক পৃথিবী যে ব্রিটিশরা শাসন করে, তারা দুবেলা পেটভরে খেতে পায় না। যুক্তরাষ্ট্রের দানে-অনুগ্রহে চলে। আটলান্টিক সনদ অনুসারে তারা বাধ্য হয় একে একে তাদের উপনিবেশগুলো ছেড়ে দিতে। সবচেয়ে লাভজনক উপনিবেশ ভারতও এর ব্যতিক্রম হলো না। কিন্তু ভারতবর্ষ ছেড়ে যাওয়ার আগে ব্রিটিশরা এক ঘৃণ্য খেলার আয়োজন করে যায়। রক্তের খেলা। সাম্প্রদায়িক দাঙ্গা।’

“কলকাতা থেকে শুরু হওয়া দাঙ্গা ছড়িয়ে পড়ে সারা ভারতে। এই রক্তস্নানের মধ্য দিয়ে জন্ম হয় দুটো স্বাধীন রাষ্ট্রের। পূর্ব বাংলার মানুষ পেল একটি স্বতন্ত্র ভূখণ্ড। কিন্তু অল্পদিনের মধ্যে উচ্ছ্বাসের ফানুস নিচে নেমে আসত লাগল। বুঝতে পেল, একটি শৃঙ্খল খুলে আরেকটি শৃঙ্খলে আবদ্ধ হয়েছে তারা। এ এক জাতির আত্ম-উন্মোচনের সময়। ঘোরালাগা সেই আলো-আঁধারি সময়কে নিয়ে লেখা ‘উদয়ের পথে’।”

৪৯৬ পৃষ্ঠার উপন্যাসটির মুদ্রিত মূল্য ৬৫০ টাকা। মেলায় ২৫ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে ৪৮৮ টাকায়।

নব্বই দশকের রাজনীতি প্রেম ও সংকট নিয়ে লেখা উপন্যাস ওপারে আঁধারের মুদ্রিত মূল্য ২৭০ টাকা। পৃষ্ঠা সংখ্যা ১২৮। মেলায় পাওয়া যাচ্ছে ২০০ টাকায়।

কবি প্রকাশনীর ৮১ও ৮২ নং স্টলে ‘উদয়ের পথে’ এবং কিংবদন্তী প্রকাশনীর ৭৪ নং স্টল থেকে ‘ওপারে আঁধার’ সংগ্রহ করা যাবে।