সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা নদীর অভয়াশ্রমে ইলিশ শিকারের দায়ে সাত জেলেকে জেল ও জরিমানার আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহ আহমেদ এ আদেশ দেন। এর আগে ভোররাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, মেঘনা নদীর বিভিন্ন স্থানে রাত ৩টা থেকে পুলিশ ও মৎস্য বিভাগ যৌথ অভিযান চালায়। এ সময় ইলিশ ধরার দায়ে মেঘনার ইলিশা, কাঠির মাথা ও ভোলার খাল এলাকা থেকে সাত জেলেকে আটক করা হয়। এছাড়া পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১৫ কেজি ইলিশ জব্দ করা হয়।
ভোলা সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জামাল হোসাইন খান জানান, আটক সাতজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে তারা অপরাধ স্বীকার করলে এদের মধ্যে পাঁচজনকে ১০ দিন করে কারাদ- এবং দুজনকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।
মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকা অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে ১ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।