প্রকাশিত হলো ৯০ দশকের অন্যতম কবি সাখাওয়াত টিপু’র নতুন কবিতার বই ‘স্নায়ুযুদ্ধ’। বইটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী। প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত।
৮০ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ২০০ টাকা। বইমেলায় আগামী প্রকাশনীর ১০ নম্বর প্যাভিলিয়ন থেকে বইটি সংগ্রহ করা যাবে।
গত তিন দশক ধরে কবিতার ভেতর দিয়ে সাখাওয়াত টিপুর পরিভ্রমণ উঠে এসেছে স্নায়ুযুদ্ধে। সেই প্রসঙ্গে জানালেন তিনি, ‘বইমেলায় আমার নতুন কাব্যগ্রন্থ স্নায়ুযুদ্ধ প্রকাশিত হলো। এই কবিতা সংকলনে আমার তিন দশকের পরিভ্রমণ আছে। বিশ্বময় যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতিতে একজন কবি কিংবা মানুষের স্নায়ু কীভাবে খেলা করে, তার একটা চিন্তা-দর্শন আছে বইতে।’
সাখাওয়াত টিপু বলেন, ‘আমরা যে সময় বেড়ে উঠেছি সে সময় অনেক ছোট ছোট যুদ্ধ দেখেছি, সোভিয়েত ইউনিয়নের ভাঙন দেখেছি, দুনিয়া জুড়ে শরণার্থী শিবির বাড়তে দেখেছি, পুঁজিবাদী এক রৈখিক অর্থনৈতিক বিশ্ব দেখেছি, দুনিয়ার দেশে দেশে গণতান্ত্রিক সংগ্রাম দেখেছি, সর্বশেষ এক অচেনা মহামারির কবল দেখেছি, আমাদের স্বপ্ন-সম্ভাবনার পতন দেখেছি, এবং আরও অনেক কিছু দেখেছি। আমাদের সময়টা কেমন? আমরা কীভাবে বেঁচে আছি? আমাদের স্বপ্ন কি সকালবেলা গুম হয়ে যায়? এমন রক্তাক্ত অনুভূতিতে স্নায়ুর সঙ্গে ভাষার সম্পর্কইবা কী? তিন দশকের বিভিন্ন সময়ে লেখা কবিতাগুলোর নাম স্নায়ুযুদ্ধ।’
সাখাওয়াত টিপুর প্রকাশিত প্রথম কবিতার বই— ‘এলা হি বরষা’। আদর্শ থেকে প্রকাশিত হয়েছে বইটির তৃতীয় মুদ্রণ। এছাড়া ২০২০ সালে বাতিঘর থেকে প্রকাশিত হয় তার দ্বিতীয় কবিতার বই ‘রাজার কঙ্কাল’। একই বছর বৈভব থেকে প্রকাশিত হয় তার হাইকু ‘পাপপূণ্য’।
কবিতা চর্চার পাশাপাশি গদ্যেও সাবলীল সাখাওয়াত টিপু। ২০১৯ সালে আদর্শ প্রকাশ করে তার প্রথম সমালোচনা গ্রন্থ ‘নভেরার রূপ’। ২০২১ সালে চন্দ্রবিন্দু থেকে সাখাওয়াত টিপুর সম্পাদনায় প্রকাশিত হয় আহমদ ছফার নির্বাচিত সাক্ষাৎকার গ্রন্থ ‘আহমদ ছফা: বাছাই জবাব’।