অমর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে ফারুক সুমনের দুই বই— বিরামচিহ্নের কান্না (কাব্যগ্রন্থ) ও শিল্পের সারগাম (প্রবন্ধ)। প্রকাশ করেছে যথাক্রমে ঐতিহ্য (প্যাভিলিয়ন ৩৫) ও অন্যপ্রকাশ (প্যাভিলিয়ন ১৯)।
‘বিরামচিহ্নের কান্না’র প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ, মূল্য ১৩০ টাকা। এই বই সম্পর্কে ফারুক সুমন বলেন, “দীর্ঘ কবিতাগুলো আঙ্গিক বিবেচনায় ঈষৎ আলাদা। বিপর্যস্ত সময়ে ব্যক্তিমানুষের অন্তপুরের হাহাকার কবিতায় অনুরণিত হয়েছে। সেই সঙ্গে রয়েছে ‘কবিতা কম্পমান করুণ কান্তার’, ‘পাখিদের ঠোঁটে চমকিত মন’, ‘বিরামচিহ্নের কান্না’, ‘জীবনানন্দ নক্ষত্রমিথ’ এবং ‘যেভাবে হেঁটে যাই অনন্তের পথে’ শিরোনামে স্বতন্ত্র স্বরের কবিতা।”
‘শিল্পের সারগাম’-এরও প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ, মূল্য ২৮০ টাকা। এই বই প্রসঙ্গে লেখক বলেন, “শিল্প কী ও কেন, কখন-কীভাবে শিল্পোদয় হয়— এমন অন্তহীন চিরন্তন জিজ্ঞাসা গ্রন্থ ‘শিল্পের সারগাম’। সুললিত গদ্যে উঠে এসেছে শিল্পানুভবের বিচিত্র অন্দরমহল।”
এর আগে ফারুক সুমনের ‘অচঞ্চল জলের ভিতর নিরাকার বসে’, ‘আঙুলের ডগায় সূর্যোদয়’, ‘বিচঞ্চল বৃষ্টিবিহার’সহ বেশ কিছু কবিতার বই প্রকাশ হয়েছে। এ ছাড়া ‘শামসুর রাহমানের কাব্যস্বর’, ‘শিল্পের করতালি’, ‘শামসুর রাহমানের কবিতায় নগরচেতনা’ তার উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ। ‘ভ্রমণে অবাক অবগাহন’ মামে একটি ভ্রমণগদ্যও রয়েছে। সমতটের কাগজ সাহিত্য পুরস্কার, চর্যাপদ একাডেমি দোনাগাজী পদক’সহ নানা সাহিত্য সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।