অমর একুশে গ্রন্থমেলার কবি শিপ্রা দেবনাথের প্রথম কাব্যগ্রন্থ ‘যে পথে জ্যান্ত গল্পেরা হেঁটে গেছে’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম।
শনিবার বিকেল ৫টায় বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে বাংলা একাডেমি গ্রন্থ মোড়ক উন্মোচন মঞ্চে মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
শিপ্রা দেবনাথ লালনের নদীয়া বা আজকের কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ না করেই তিনি চলচ্চিত্র ও গণমাধ্যম বিষয়ে পাঠ নেন। বর্তমানে শিপ্রা দেবনাথ একজন পুরোদস্তুর ফিল্ম মেকার। পেশাগত জীবনের ফরমায়েশি চিত্রনাট্য রচনা বা পরিচালনার দায়িত্ব পালনের পাশাপাশি, লেখালেখি তার শৈশবের অভ্যাস।
সেই সব আবেগের বহিঃপ্রকাশ তার প্রথম কাব্যগ্রন্থ, ‘যে পথে জ্যান্ত গল্পেরা হেঁটে গেছে’।