দুই ব্যবসায়ীর গুদামে ৫ হাজার লিটার সয়াবিন তেল, জরিমানা

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রামনগর বাজারে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীর দোকান থেকে ৫ হাজার ১০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার রাতে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক হরিণাকুন্ডুর সহকারী কমিশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ জানান, তারা গোপন সূত্রে খবর পান রামনগর বাজারের ব্যবসায়ী বিধান সাহা ও দিলদার আলি বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুত করেছেন। রাতে অভিযান চালিয়ে দিলদার আলির মুরগির খামার থেকে ১৩টি ড্রাম ভর্তি দুই হাজার ৬০০ লিটার ও বিধান সাহার গুদাম থেকে ১২টি ড্রাম ভর্তি আড়াই হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।

অবৈধভাবে তেল মজুত করার দায়ে দিলদার আলিকে ৫০ হাজার টাকা ও বিধান সাহাকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। গত ১২ ফেব্রুয়ারি তারিখে এনে তারা এ সয়াবিন মজুত করে চড়া দামে বিক্রি করছিলেন।